শত শত বিচার এখনো শেষের অপেক্ষায়: সুলতানা কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা কামাল । ফাইল ছবি
সুলতানা কামাল । ফাইল ছবি

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘ভিকারুননিসার ছাত্রী লাঞ্ছনার ঘটনায় বিচার হয়েছে, কিন্তু এমন শত শত বিচার শেষ হওয়ার অপেক্ষায় আছে। যাঁরা বিচার-ব্যবস্থা পরিচালনার দায়িত্বে, তাঁরা যেন এই উদাহরণ টিকিয়ে রাখেন।’
আজ বুধবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধনী আয়োজনে সভাপতির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন। এ উপলক্ষে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আজ মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক ‘বৃত্তে বাঁক’ নাটক পরিবেশন করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তাঁরা পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত যান।
পতাকা মিছিলের আগে সুলতানা কামাল বলেন, ‘আজকে আমরা একটা বিচারের রায় পেয়েছি। আজকে ভিকারুননিসা নূন স্কুলে এক ছাত্রীকে লাঞ্ছিত করার জন্য যে শিক্ষককে অভিযুক্ত করা হয়েছিল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। যাঁরা বিচার-ব্যবস্থা পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এর সঙ্গে এ-ও দাবি জানাচ্ছি যে, এই উদাহরণ টিকিয়ে রাখার দায়িত্বও কিন্তু তাঁদের। একটি মাত্র উদাহরণ দিয়ে তাঁরা যেন এই সুযোগ না নেন যে, বিচার তো এখানটাতে হয়, বিচার এখানে করেছি।’

সুলতানা কামাল বলেন, ‘আমরা যেন সেই অবস্থা দেখতে পাই, যেখানে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে তার অভিযোগ গঠন হয়, অভিযুক্ত দোষী প্রমাণিত হলে যেন শাস্তি পায়।’ তিনি বলেন, ‘বাংলাদেশ হওয়ার কথা অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, যেখানে সম্পদের সুষম বণ্টন থাকবে এবং প্রতিটি মানুষ নিজের সম্মান নিয়ে মর্যাদা নিয়ে বেঁচে থাকবে। তাই নারীর প্রতি বৈষম্য আমাদের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন সংগ্রাম সমর্থন করে না। যারা নারীর প্রতি বৈষম্য প্রদর্শন করে, তারা এর সমস্ত বিষয় অস্বীকার করছে। আমরা তার বিরুদ্ধে দাঁড়াই। আমরা তার প্রতিবাদ জানাই। নারীরা ঘরে-বাইরে কর্মক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে যেখানেই থাকে, যেন নিরাপদে থাকে।’