জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-সংকটের কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন রোগী আসে ২৫০ থেকে ৩০০ জন। কিন্তু এখানে চিকিৎসক আছেন মাত্র একজন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালটিতে চিকিৎসকের পদ রয়েছে ১৬টি; কর্মরত আছেন মাত্র একজন। হাসপাতালটি চালাতে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ বাজারের উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা শাহনাজ পারভীনকে মৌখিক আদেশে প্রেষণে আনা হয়েছিল। কিন্তু তিনি গত ৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে বদলি হয়ে যান।গত বছরের ২ জুন এ হাসপাতালকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তখন এর উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম ১৫ দিনের মধ্যে সবগুলো পদে চিকিৎসক নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। কিন্তু প্রায় এক বছর হলেও আজ পর্যন্ত সেখানে একজন চিকিৎসকের পদও পূরণ করা হয়নি। বরং এখান থেকে চিকিৎসক শাহনাজ পারভীনকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চিকিৎসক আবদুল কাদির একই সঙ্গে বহির্বিভাগ, অভ্যন্তরীণ ও জরুরি বিভাগের রোগীদের চিকিৎসা দিচ্ছেন। কিন্তু এত রোগীর চিকিৎসাসেবা দিতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। ভর্তি হওয়া রোগী মোর্শেদা বেগম অভিযোগ করেন, এ হাসপাতালে মাত্র একজন চিকিৎসক। তাঁকেও সময়মতো পাওয়া যায় না। যে কারণে রোগীদের অনেক সময় ফিরে যেতে হয়। আবার অনেকেই চিকিৎসা নিতে জামালপুর সদর হাসপাতালে চলে যাচ্ছে। এ ছাড়া ওয়ার্ডের রোগীদের বিছানার চাদর, কম্বলসহ মশারিগুলোও ব্যবহারের প্রায় অনুপযোগী। কয়েকজন রোগী অভিযোগ করেন, এখানে একটি জেনারেটর, তাও বিকল হয়ে আছে। বাইরে থেকে এক্স-রে করতে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানান, প্রতিদিন শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি হয়। অনেক দিন শয্যার অভাবে রোগীদের মেঝেতেই থাকতে হয়। মেঝে অপরিষ্কার থাকার কারণে রোগীদের গালমন্দ শুনতে হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ টি এম মতিউর রহমান বলেন, ‘এই স্বাস্থ্য কমপ্লেক্সের মূল সমস্যা চিকিৎসক-সংকট। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখানে জরুরি ভিত্তিতে চিকিৎসকের শূন্যপদগুলো পূরণ করা না হলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে স্থবিরতা আরও বাড়বে।’ তিনি আরও বলেন, ‘গত ছয় মাস ধরে এক্স-রে মেশিনটি বিকল হয়ে আছে। এ বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দে বলেন, ‘চেষ্টা করে দু-একজন চিকিৎসককে বদলি করে আনা হলেও তাঁরা মাদারগঞ্জে যোগদান করতে চান না। জানি না কারণটা কী। ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদ্য বদলি হওয়া শাহনাজ পারভীনকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’