পঞ্চগড় ও ঠাকুরগাঁও চিনিকলে প্রায় শতকোটি টাকা মূল্যের ২৪ হাজার মেট্রিক টন চিনি অবিক্রীত পড়ে আছে। এ কারণে টাকার অভাবে চিনিকল দুটির আখচাষিদের আখ বিক্রির টাকা ও শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা শোধ করতে পারছে না চিনিকল কর্তৃপক্ষ।
পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল হোসেন বলেন, ‘দুই বছর ধরে ঠিকমতো চিনি বিক্রি না হওয়ায় আমরা সময়মতো বেতন-ভাতা পাচ্ছি না। কৃষকদেরও আখের মূল্য পরিশোধ করা হচ্ছে না। বর্তমানে এই চিনি নিয়ে আমরা বিপাকে পড়েছি।’
পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুর রশিদ বলেন, ‘আগে উৎপাদিত চিনি বিক্রি না হলেও চিনি ও খাদ্যশিল্প করপোরেশন থেকে দেওয়া অর্থ দিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হতো। বর্তমানে করপোরেশন থেকে অর্থ বরাদ্দ না পাওয়ায় দুই মাসের বেতন-ভাতা বাকি রয়েছে। করপোরেশনের পক্ষ থেকে চিনি বিক্রি করেই এসব অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। কিন্তু চিনিকলে প্রায় ৪০ কোটি টাকা মূল্যের ১০ হাজার মেট্রিক টনের বেশি চিনি মজুত রয়েছে। এসব চিনি বিক্রির প্রক্রিয়া চলছে। আশা করি, চলতি সপ্তাহের মধ্যে এগুলো বিক্রি হলে আর্থিক সংকট কেটে যাবে এবং ঈদের আগেই কৃষকের আখের মূল্য ও শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস দেওয়া সম্ভব হবে।’
চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা (ইক্ষু উন্নয়ন কর্মকর্তা) সফিকুর রহমান জানান, তিনি ২০১২ সালের ২৫ নভেম্বর অবসর গ্রহণ করেন। সেই থেকে তিনি অবসরের টাকার জন্য ধরনা দিচ্ছেন। কিন্তু টাকা পাচ্ছেন না। বাধ্য হয়ে তিনি অবসরের টাকার বিপরীতে প্রায় ১০ লাখ টাকার চিনি গ্রহণের পরিকল্পনা করছেন। সেই চিনি বাজারে কম দামে বিক্রি করতে হবে বলে তিনি জানান।
আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের আখচাষি শহীদুল ইসলাম বলেন, ‘গত বছরের নভেম্বর-ডিসেম্বরে চিনিকলে প্রায় তিন লাখ টাকার আখ দিয়েছি। এখন পর্যন্ত টাকার জন্য ঘুরছি। আখ চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছি। ভবিষ্যতে আখ চাষ করব কি না, ভেবে দেখছি।’
চিনিকলের স্থানীয় ডিলার শরীফ হোসেন বলেন, দেশি চিনির লালচে রঙের জন্য হোটেল ব্যবসায়ীদের কাছে পরিশোধিত চিনি বেশি পছন্দ। তাই বাজারে দেশি চিনির চেয়ে পরিশোধিত চিনির চাহিদা বেশি।
চিনিকল সূত্র জানায়, গত দুই মৌসুমের উৎপাদিত ছয় হাজার মেট্রিক টন চিনির মজুত নিয়ে এ বছর আখমাড়াই শুরু করে পঞ্চগড় চিনিকল। এবার যোগ হয় আরও পাঁচ হাজার ২৫০ টন চিনি। এর মধ্যে সামান্য কিছু চিনি বিক্রি হয়েছে। পরিশোধিত চিনির পাইকারি মূল্য ৪২ টাকা কেজি। কিন্তু মিলগেটে দেশীয় চিনি ৪০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে না। এদিকে, চিনিকলের প্রায় সাড়ে ৭০০ শ্রমিক-কর্মচারীর বেতন দিতে প্রতি মাসে প্রয়োজন প্রায় দেড় কোটি টাকা। নিয়ম অনুযায়ী চিনি বিক্রি করেই বেতন-ভাতাসহ কর্মকর্তা-কর্মচারীর অবসর ভাতার টাকা পরিশোধের কথা। টাকার অভাবে গত এপ্রিলের বেতন-ভাতা এখনো পাননি তাঁরা। এ ছাড়া, আখচাষিদের চার কোটি ৭২ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে।
এদিকে, ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নুরুজ্জামান বলেন, চিনিকলের আট শতাধিক শ্রমিক-কর্মচারীর দুই মাসের প্রায় দুই কোটি টাকা বেতন-ভাতা বকেয়া রয়েছে। শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা বকেয়া বেতনের দাবিতে একাধিকবার ‘গেট মিটিং’ করেছেন। তবে চাষিদের পাওনা এবং আমাদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে শিগগিরই একটা ব্যবস্থা হচ্ছে।
ঠাকুরগাঁও চিনিকলের উপব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী বলেন, বর্তমানে অবিক্রীত চিনির পরিমাণ ১৪ হাজার ২৫১ মেট্রিক টন। যার মূল্য প্রায় ৫৭ কোটি টাকা। ফলে পাঁচ হাজার আখচাষির আখ বিক্রির টাকা শোধ করা যাচ্ছে না।
রানীশংকৈল উপজেলার গোগর গ্রামের আখচাষি পয়ড়াম আলী আক্ষেপ করে বলেন, ‘১০ বিঘার আখের দাম হয় আড়াই লাখ টাকা। ঋণ বাবদ ৫৪ হাজার টাকা কেটে নেয়। নগদ পেয়েছি ৬০ হাজার টাকা। এখনো দেড় লাখ টাকা পাব। তিন মাস ধরে ঘুরছি। টাকার কোনো খবর নেই। সময়মতো আখ বিক্রির টাকা না পেয়ে কোনো আশাই পূরণ হয়নি এবার।’
ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আবদুল আজিজ বলেন, ‘বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের কেন্দ্রীয় কার্যালয়ের হস্তক্ষেপে ব্যাংকঋণের অর্থে পাঁচ হাজার আখচাষিদের পাওনা সাড়ে পাঁচ কোটি টাকা শোধ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে চার কোটি টাকা পাওয়া গেছে। বাকি টাকা পাওয়া গেলেই চাষি এবং শ্রমিক-কর্মচারীদের বকেয়া শোধ করা যাবে বলে আশা আছে।’