শতকোটি টাকা ক্ষতির শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় পণ্যাগারে আগুনে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন, কয়েকটি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া গুদামটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। আগুন নেভাতে গিয়ে পানির প্রকট সমস্যায়ও পড়তে হয়েছে।
ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, একতলা টিনশেড পণ্যাগারটিতে গত শনিবার রাত সাড়ে ১২টার পর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল রোববার সারা দিন গুদাম থেকে মালামাল সরানোর কাজ চলে। বিকেলে আগুন পুরোপুরি নির্বাপিত ঘোষণা করা হয়। ঘটনাস্থলে প্রথম যাওয়া ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যে গিয়েও তাঁরা পুরো গুদামে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাতে তাঁদের ধারণা, আগুন লাগার বেশ কিছুক্ষণ পর তাঁদের খবর দেওয়া হয়েছে।
অধিদপ্তর সূত্র বলেছে, কেন্দ্রীয় পণ্যাগারে আগুনে এখন পর্যন্ত আনুমানিক হিসাব অনুযায়ী ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তা আরও বাড়তে পারে। গতকাল এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি কেউ। তাঁরা বলেছেন, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর তাঁরা এ বিষয়ে কথা বলবেন। গুদামের কার্যালয়ে সিসি ক্যামেরা ঝুলতে দেখা গেলেও কর্মকর্তারা বলেছেন, সেগুলো সাত বছর ধরে নষ্ট।
কর্মকর্তারা বলেন, বিশ্বব্যাংক ও সরকারের অর্থায়নে কেনা যন্ত্রপাতি, রেজিস্ট্রার, জন্মনিয়ন্ত্রণসামগ্রী, ওষুধসহ প্রায় ১০৮ ধরনের পণ্য পুড়ে গেছে। এগুলোর মধ্যে মা ও শিশু স্বাস্থ্যসংক্রান্ত এবং পরিবার পরিকল্পনা সেবাসংক্রান্ত ৩৬ ধরনের ওষুধ রয়েছে।
দুপুরে গিয়ে দেখা যায়, অধিদপ্তরের বিভিন্ন ইউনিট থেকে আগুনে ক্ষয়ক্ষতির হিসাব করছেন কর্মরতরা। তাঁরা বলেন, শুধু হাতের গ্লাভসই পুড়ে গেছে ১০ কোটি টাকার। অন্য ভবনে থাকায় ৭ হাজার ৫০০ ডেলিভারি কিট রক্ষা করা সম্ভব হয়েছে। একটি কিট দিয়ে ১০ জন মায়ের প্রসব করানো যায়। ১৪ কোটি ৬০ লাখ টাকার জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্লান্ট বিমানবন্দর থেকে বগুড়ার আঞ্চলিক গুদামে পাঠানো হয়েছে।
অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ১৯৭৮ সালে তৈরি ভবনটি এ ধরনের গুরুত্বপূর্ণ গুদামের জন্য মোটেই উপযুক্ত ছিল না। দীর্ঘদিন ভবনটিতে মেরামতকাজ হয়নি।
অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ারের গতকাল ছিল দ্বিতীয় কার্যদিবস। তিনি টেলিফোনে প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়, অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর প্রতিবেদন হাতে না পেয়ে মোট ক্ষতি সম্পর্কে কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে ব্যাপক ক্ষতি হয়েছে তা বলাই যায়। আগামী তিন মাসে অধিদপ্তরের কাজে খুব একটা প্রভাব না পড়লেও এরপর নতুন সরবরাহ না এলে প্রভাব পড়বে। তাই এই তিন মাসের মধ্যে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।
মহাপরিচালক বলেন, এ ধরনের পণ্যাগারে সিসি ক্যামেরা থাকা উচিত ছিল। ভবনটি ততটা উপযুক্ত ছিল না বলেই নতুন পণ্যাগার তৈরির কথা আছে। ঘটনাটি নাশকতা বা ষড়যন্ত্র কি না, তা–ও এখনই বলা যাচ্ছে না। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। পণ্যাগারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দিয়েছেন বলে অধিদপ্তরকে জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা বিভাগ) সমরেন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, এসব বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে।
পণ্যাগারের নিরাপত্তাকর্মী মুসলিম শিকদার বলেন, তিনি প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১২টা থেকে পৌনে ১টার মধ্যে বৈদ্যুতিক বাতি নিভে আবার জ্বলে ওঠে। কিছুক্ষণ পর পণ্যাগারে আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। মসজিদ থেকে মাইকিং করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।