শতকোটি টাকার অর্পিত সম্পত্তি পেতে জালিয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে শতকোটি টাকা মূল্যের অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য ভারতীয় নাগরিক দুই ভাইয়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। স্থানীয় তিনজন জনপ্রতিনিধির সহায়তায় তাঁরা হালনাগাদ ভোটার তালিকায় নাম তোলেন এবং এ দেশের নাগরিক পরিচয়ে চুয়াডাঙ্গার অর্পিত সম্পত্তি অবমুক্তি ট্রাইব্যুনালে দরখাস্ত করেন। তাঁদের এই তৎপরতা ঠেকাতে মুক্তিযোদ্ধা ফজলুল হকের নেতৃত্বে এলাকার ১৩ জন লোক ৭ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে আলমডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা তদন্তের উদ্যোগ নিয়েছেন। এলাকাবাসী জানান, ভারত-পাকিস্তান বিভাগের পর আলমডাঙ্গার তৎকালীন ব্যবসায়ী প্রহ্লাদ পাডিয়া স্ত্রী-সন্তানসহ ভারতে চলে যান। ১৯৬৫ সালে সরকার তাঁর মালিকানাধীন বাড়ি, মিল, গুদামসহ নয় বিঘা ১০ শতক জমি শত্রু সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করে, যা পরবর্তীকালে অর্পিত সম্পত্তি হিসেবে পরিচিতি পায়। ওই সম্পত্তির বর্তমান মূল্য প্রায় ১০০ কোটি টাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রহ্লাদ পাডিয়ার সাত ছেলে ও তিন মেয়ের মধ্যে দুই ছেলে পুরুষোত্তম ও রাজা রাম বাংলাদেশ স্বাধীনের পর ভারত থেকে আলমডাঙ্গায় আসেন এবং এক আত্মীয়ের বাড়িতে থেকে স্থানীয় কলেজে পড়াশোনা করেন। ১৯৭৪ সালে তাঁরা আবার ভারতে ফিরে যান। পুরুষোত্তমের স্থায়ী ঠিকানা: অনুপ সেলস এন্টারপ্রাইজ, ২৪২৩/২৯ সুরেখা বিল্ডিং, এসএন মার্গ, জিবি রোড সেন্ট্রাল, নয়াদিল্লি এবং রাজারামের ঠিকানা: অনুপ সেলস এন্টারপ্রাইজ, ২৬/১ স্ট্রান্ড রোড, বিবিডি বাগ, কলকাতা-৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত। অথচ পুরুষোত্তম ও রাজা রাম আলমডাঙ্গা পুরাতন বাজারের ‘পাডিয়া বিল্ডিং’কে স্থায়ী ও বর্তমান ঠিকানা দেখিয়ে গত বছরের ডিসেম্বরে প্রকাশ হওয়া হালনাগাদ ভোটার তালিকায় নাম তোলেন। ওই তালিকার তথ্য সংগ্রহ শুরু হয় ২০১২ সালের জুলাইয়ে। আলমডাঙ্গা পৌরসভার মেয়র মীর মহিউদ্দিন ওই দুই ভাইকে গত বছরের ৯ জুলাই জন্মসনদ দেন এবং একই দিনে পৌর প্যানেল মেয়র আলী আজগার তাঁদের নাগরিকত্ব সনদ দেন। এর এক দিন পর ১১ জুলাই পৌর কাউন্সিলর দীনেশ কুমার তাঁদের ভোটার ফরম প্রত্যয়ন করেন। এ ছাড়া ব্যবসায়ী গিরিধারী লাল মোদী ওই দুই ভাইকে তাঁর মালিকানাধীন নারায়ণগঞ্জের উত্তরা জুট ফাইবার্স লিমিটেড ও টাঙ্গাইলের উত্তরা স্পিনিং মিলসের উপদেষ্টা হিসেবে প্রত্যয়নপত্র দেন। এসব কাগজের ভিত্তিতেই তাঁরা ভোটার তালিকাভুক্ত হন এবং চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি অর্পিত সম্পত্তি অবমুক্তি ট্রাইব্যুনালে দরখাস্ত করেন।গতকাল শনিবার ভোটার তালিকার ঠিকানায় গিয়ে পুরুষোত্তম ও রাজা রাম বা তাঁদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। পাডিয়া বিল্ডিংয়ের বাসিন্দা ভজনন্দন দে (৭০), আনন্দ মোহন সাহা (৭২) জানান, স্বাধীনতার পর থেকেই তাঁদের সাতটি পরিবার এখানে বসবাস করছে। তাঁরা ১৯৭৮ সাল থেকে সরকারের দেওয়া ডিসিআর মূলে ওই ভবনে বসবাস করছেন। ভজনন্দন বলেন, প্রহ্লাদ পাডিয়া বা তাঁর উত্তরসূরিদের কাউকে কখনো দেখেননি। সরকার অর্পিত সম্পত্তি অবমুক্তির ঘোষণা দেওয়ার পর একটি চক্র তাঁদের এ দেশে আনে এবং সম্পত্তি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এ জি মোস্তফা ফেরদৌস জানান, অভিযোগের তদন্ত চলছে। ওই দুজনকে ১৫ এপ্রিল সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া মেয়রকেও আলাদা চিঠি পাঠানো হয়েছে। ইউএনও আনজুমান আরা বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। মেয়র মীর মহিউদ্দিন দাবি করেন, ১৯৮০ সাল পর্যন্ত পুরুষোত্তম ও রাজা রাম এ দেশে লেখাপড়া করেছেন। এ দেশে তাঁরা জন্মগ্রহণ করেছেন। তাই জন্মসনদ দিয়ে তিনি অন্যায় করেননি।