
সাতক্ষীরার কালীগঞ্জের ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসেছিল গতকাল শুক্রবার। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরা নেচে-গেয়ে দিবসটি উদ্যাপন করেছেন।
গতকাল সকাল ১০টায় বেলুন উড়িয়ে ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাংসদ আ ফ ম রুহুল হক। পরে বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে নলতা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপসচিব আবু মাসুদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ আ ফ ম রুহুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক সাংসদ মুজিবর রহমান প্রমুখ।