শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে নবীন প্রবীণের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীন-প্রবীণের মেলবন্ধনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মুখর হয়ে ওঠে ঢাকার নবাবগঞ্জের বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ। গল্প-আড্ডা, হাসি, গান আর পুরোনো স্মৃতি রোমন্থনে ব্যস্ত হয়ে পড়েন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। স্কুলের শতবর্ষ পূর্তি উৎসবের উদ্বোধনী আয়োজন ছিল গতকাল।তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এবং বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও।প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ যাতে বাড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আশা করেন, বিদ্যালয়টি ভবিষ্যতেও গৌরব এবং ঐতিহ্যের ধারা বজায় রাখতে সক্ষম হবে। বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আশা করেন, বিদ্যালয়টি আগের মতোই ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ সৃষ্টিতে অবদান রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাদার স্টিফেন বিনয় গমেজ, হলিক্রসের প্রধান শিক্ষক ব্রাদার চন্দন বেনেডিক, বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল উদ্দিন প্রমুখ।পরে সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন হৈমন্তী শুক্লা, সুবীর নন্দী প্রমুখ।