
বিদ্যালয় মাঠে ঢুকেই কেউ খুঁজে ফিরেছেন কৈশোরে হারিয়ে ফেলা প্রিয় সেই বন্ধুকে। কেউ বহু বছর পর পুরোনো বন্ধুর দেখা পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন। আবার কেউ হারিয়ে যাওয়া বন্ধুর দেখা না পেলেও তাঁর খোঁজ জানতে পেরেই খুশি হয়েছেন। গতকাল শুক্রবার দিনভর আড্ডা, গল্প ও স্মৃতিচারণায় ফেলে আসা দিনগুলোকে বারবার খুঁজে ফিরেছেন চট্টগ্রামের পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা।
বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব সবাইকে বিভিন্ন দশকের প্রাক্তন শিক্ষার্থীদের এক হওয়ার সুযোগ করে দিয়েছে। গায়ে সাদা টি-শার্ট ও মাথায় সাদা টুপি পরে সকালে তাঁরা অংশ নিয়েছেন বর্ণাঢ্য শোভাযাত্রায়। অনেকে এই মিলনমেলায় শামিল হয়েছেন পুরো পরিবার নিয়ে।।
চট্টগ্রাম সরকারি কলেজর সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘এ অনুষ্ঠানে এসে মনে হচ্ছে যেন প্রায় ৫০ বছর আগের সেই স্কুলজীবনে ফিরে গেছি। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে ভালো লাগছে।’
বিদ্যালয় মিলনায়তনের এক পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন প্রাক্তন ছাত্র শওকত আলী। এই অনুষ্ঠানে যোগ দিতে তিনি এসেছেন কানাডা থেকে। তাঁর পাশে থাকা আলী আহমদ এসেছেন লন্ডন থেকে। তিনি বলেন, ‘আজকের ভালো লাগার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।’ পুরোনো বন্ধুদের দেখা পেয়ে উচ্ছ্বাস যেন থামছে না শওকত আলীর। আরেক প্রাক্তন ছাত্র জাফর আহমদ বলেন, দুজন প্রিয় শিক্ষকের সঙ্গে দেখা হয়েছে। তাঁদের সালাম করতে পেরে ভালো লাগছে। গতকাল সকালে শতবর্ষ পূর্তি উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছগীর মোহাম্মদ। সভাপতিত্ব করেন মোহাম্মদ সোলায়মান।
ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম একসময়ে পুরো ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছিল। তার মূল ভিত্তি ছিল পটিয়া। পটিয়ার ধলঘাট থেকেই মাস্টারদা সূর্য সেন ও বীরকন্যা প্রীতিলতা ভারতবর্ষের প্রথম স্বাধীনতাযুদ্ধ পরিচালনা করেন।
উৎসব উপলক্ষে আয়োজিত মূল আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম চৌধুরী, রাজনীতিবিদ মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়ার পৌর মেয়র হারুনুর রশিদ, যুবলীগের কেন্দ্রীয় নেতা বদিউল আলম প্রমুখ।
বিকেলে স্মৃতিচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, কাজী আহমদ নবী প্রমুখ।