শতবর্ষের আনুষ্ঠানিকতা শুরু করেছে নারীশিক্ষা-প্রতিষ্ঠান নীলফামারীর সৈয়দপুরের তুলসীরাম বালিকা উচ্চবিদ্যালয়। এ উপলক্ষে গতকাল শনিবার প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবকেরা শোভাযাত্রা বের করেন।
বৃষ্টিতে ভিজে নেচে-গেয়ে সবাই শোভাযাত্রায় অংশ নেন। পরে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, উত্তরবঙ্গের জনবহুল জনপদ সৈয়দপুর শহরটি অবাঙালি-অধ্যুষিত। ফলে ব্রিটিশ উপনিবেশ আমলে এখানে গড়ে ওঠে একাধিক ইংরেজি ও হিন্দি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান। তুলসীরাম বালিকা উচ্চবিদ্যালয়টি এর ব্যতিক্রম। এই প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে পাঠদান শুরু হয়।
প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ১৯১৪ সালে। তৎকালীন শিল্পপতি ও দানবীর তুলসীরাম আগরওয়ালা শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান। তিনি জানান, মাসব্যাপী শতবর্ষ অনুষ্ঠানে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল এর উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের নতুন-পুরোনো শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক সবাই মিলে শোভাযাত্রা বের করেন।