শতবর্ষ পূর্তিতে উচ্ছ্বসিত নবীন-প্রবীণেরা
বহুদিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আনন্দ যেন ধরছিল না তাঁদের। একে অপরকে জড়িয়ে ধরছিলেন। কুশল বিনিময়ের পর বন্ধু-বান্ধবদের খোঁজ নিচ্ছিলেন অনেকে, অনেকে হয়ে পড়ছিলেন স্মৃতিকাতর।নবীন-প্রবীণ কয়েক শ শিক্ষার্থীর পদচারণায় গতকাল শুক্রবার সকালে নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রাঙ্গণ ছিল একটু অন্যরকম। অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পাওয়া স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইমেরিটাস রিয়াজউদ্দিন আহমাদের (মরণোত্তর) ছেলে র ম ম ইয়াকুবও শিক্ষকতায় সম্মাননা পেয়েছেন। সংস্কৃতিতে সম্মাননা পাওয়া স্কুলের প্রাক্তন ছাত্র ও অভিনেতা মাহমুদ সাজ্জাদ বলেন, ‘এমন একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি গর্বিত, অভিভূত।’১৯১১ সালে ময়মনসিংহ শহরে নাসিরাবাদ কলেজিয়েট স্কুলটি প্রতিষ্ঠিত হয়। শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উত্সব উপলক্ষে গতকাল স্কুলের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গুণীজনদের সম্মাননা প্রদান, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, প্রীতিভোজ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে স্কুলের প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্কুলের সভাপতি ফরিদ আহাম্মদের সভাপতিত্বে শতবর্ষ পূর্তি উত্সবের অনানুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির।