শতবর্ষ পূর্তির উৎসবে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপনের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণ মুখর ছিল নবীন-প্রবীণের মিলনমেলায়।আলোচনা, গল্প ও আড্ডায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেতে ছিলেন অতিথি ও শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয় সহস্রাধিক প্রাক্তন ছাত্রের আগমনে। ছেলেবেলার স্মৃতিবিজড়িত বিদ্যালয়ে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন ব্যবসায়ী মোস্তাক আহমেদ। বিদ্যালয়ে পড়াশোনার পাট চুকে যাওয়ার ৩১ বছর পর দেখা হয় সহপাঠী-চিকিৎসক সাইদুল ইসলাম ও স্পেনপ্রবাসী আবদুল মালেকের সঙ্গে। হাসি-আনন্দ আর স্মৃতিচারণায় তাঁরা একসঙ্গে কাটান দীর্ঘ সময়।বিকেল চারটার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী নাজমুল হুদা এবং বিশেষ অতিথি নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খোন্দকার আবু আশফাক উপস্থিত হন। পরে বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহাধর্মপ্রদেশের সাবেক আর্চবিশপ পৌলিনুস কস্তা। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ব্রাদার চন্দন বেনেডিক্ট, প্রাক্তন ছাত্র আক্কাস আলী মোল্লা, তারেক হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার প্রমুখ।সভা শেষে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পী আইয়ুব বাচ্চু ও কণা সংগীত পরিবেশন করেন।