শতবর্ষ বরণে সাজছে পুলিশ একাডেমি
স্টিমারে চড়ে যাওয়ার সময় চারঘাট স্টিমার ঘাটে এসে মেজর এইচ চেমনির স্টিমারটি বন্ধ হয়ে যায়। চেমনি আসলে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রের জন্য একটি মানানসই জায়গা খুঁজছিলেন। পদ্মা নদীর ধারে বিশাল আমবাগানের ছায়াঘেরা জায়গাটি তাঁর মনে ধরে যায়। সেই থেকে শুরু হয় আজকের বাংলাদেশ পুলিশ একাডেমির পথচলা। ২০১২ সালে যার শতবর্ষ উদ্যাপন হবে। এ উপলক্ষে ইতিমধ্যে সাজতে শুরু করেছে পুলিশ একাডেমি। পুলিশ একাডেমির অধ্যক্ষের বাংলোটি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মোগল আমলে তৈরি করেছিল ডাচ-ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটি তখন ‘ছোট কুঠি’ নামে পরিচিত ছিল। আর অফিসার-মেসটিকে বলা হতো বড় কুঠি। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি ডাচদের কাছ থেকে কিনে নেয়। ১৯০৮ সালে মেদিনীপুর জমিদার এই সম্পত্তি ক্রয় করেন। ১৯১০ সালে ত ৎ কালীন সরকার ১৪২ দশমিক ৬৬ একর জমিসহ ২৫ হাজার টাকায় এই সম্পত্তি কেনে। সূচনালগ্ন থেকে ভারতের অবিভক্ত বাংলা, আসাম, ব্রিটেনের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এখানে প্রশিক্ষণ নিয়েছেন। দেশ বিভাগের পর এটিকে পাকিস্তান পুলিশ সার্ভিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর এর নাম হয় বাংলাদেশ পুলিশ একাডেমি। আড়াই শ বছরের ঐতিহ্যবাহী স্থাপনার পাশাপাশি নতুন কিছু আয়োজন নিয়ে বাংলাদেশ পুলিশ একাডেমি শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতি নিতে শুরু করেছে। এর অংশ হিসেবে একাডেমির পূর্ব পাশে নতুন একটি ফটক তৈরি করা হয়েছে। এর দুই পাশে দুটি ম্যুরাল করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘চিরন্তন বাংলাদেশ’। গোলাপ কনস্ট্রাকশনের হয়ে মিশ্র মাধ্যমে কাজটি করেছেন শিল্পী আরিফুল আলম। শিল্পী গত তিন মাস ধরে এ কাজটি করেছেন। একই উদ্দেশ্যে অধ্যক্ষের বাংলোর সামনেও করা হচ্ছে আরেকটি ফটক। সেটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। এই ফটকের পাশেই বটগাছের নিচে তৈরি করা হয়েছে একটি স্মৃতিসৌধ। একাডেমিতে যাঁরা প্রশিক্ষণরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যান, তাঁদের স্মৃতির উদ্দেশে তৈরি এই সৌধের নাম দেওয়া হয়েছে ‘যাঁদের অকাল প্রয়াণে কেঁদে ওঠে একাডেমি।’ তৈরি করা হয়েছে ১০ হাজার মানুষের বসার উপযোগী একটি মুক্তমঞ্চ এবং বিসিএস কর্মকর্তাদের মেসের সামনে করা হয়েছে ছায়াকুঞ্জ নামের আরও একটি মুক্তমঞ্চ। গত ২৮ আগস্ট একাডেমিতে গিয়ে দেখা যায়, পূর্ব পাশের নতুন ফটকটি দূর থেকেই পথচারীদের নজর কাড়ছে। ভেতরেও সাজ সাজ রব ভাব। অধ্যক্ষের বাংলোর সামনের ফটকের কাজ চলছে। একাডেমির অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, ১৯১২ সালের কোনো এক সময় এই একাডেমি স্থাপন করা হয়েছিল। সে হিসেবে তাদের এই প্রস্তুতি এগিয়ে চলছে। সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে। পশ্চিম পাশের প্রধান ফটকের আরও কাজ করা হবে। তিনি বলেন, এ উপলক্ষে সাত বা তিন দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাঁরা আশা করছেন, একাডেমির শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। ইতিমধ্যে এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।