
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভারতের মহীশুর বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেছেন। অধ্যাপক ইউনূসের শতবর্ষপূর্তি বক্তৃতা দিয়ে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এই বর্ষব্যাপী অনুষ্ঠান শুরু হয়।
মহীশুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বেপল্লী রাধাকৃষ্ণণ। এই প্রথম এই বিশ্ববিদ্যালয়ে কোনো নোবেল বিজয়ী বক্তৃতা দিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহীশুরের ঐতিহ্যবাহী ‘পেতা’ ও চন্দনকাঠের আবক্ষ মূর্তি দিয়ে অধ্যাপক ইউনূসকে বরণ করেন। ঢাকায় ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ‘রিডিজাইনিং ইকোনমিকস টু রিডিজাইন দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক বক্তৃতা দেন। এ সময় প্রায় দেড় হাজার শ্রোতা উপস্থিত ছিলেন।
শ্রোতাদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের সাবেক আট উপাচার্য, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, ব্যাংকার, শিল্পপতি, এনজিও নেতা ও গ্র্যাজুয়েট ছাত্ররা। বাংলাদেশের ৭০ জনসহ প্রায় দেড় হাজার শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। অধ্যাপক ইউনূস এই অনুষ্ঠানে যোগদান ছাড়াও মহীশুরের এসবিআরআর মহাজন ফার্স্ট গ্রেড কলেজ পরিদর্শন করেন এবং সোশ্যাল বিজনেস একাডেমিক নেটওয়ার্কের ইন্ডিয়ান চ্যাপ্টার চালু করেন। তিনি ৭৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যও দেন।
এর আগে অধ্যাপক ইউনূস মহীশুরে নারায়ণ হেলথ সিস্টেমের নবনির্মিত ‘এনএইচ সুপার স্পেশালিটি ক্যানসার হসপিটাল’ উদ্বোধন করেন। নারায়ণ হেলথের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডা. দেবী শেঠী এই নতুন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ইউনূসকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন।
ডা. দেবী শেঠী নিজেই অধ্যাপক ইউনূসকে হাসপাতালে চালু করা নতুন সুবিধাগুলো ঘুরিয়ে দেখান। এরপর অধ্যাপক ইউনূস হাসপাতালের মিলনায়তনে ডাক্তার, নার্স ও স্টাফদের উদ্দেশ্যে সামাজিক ব্যবসা সম্পর্কে বক্তৃতা করেন।
সফরের শুরুতে অধ্যাপক ইউনূস বেঙ্গালুরুতে নারায়ণ হেলথ কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে একটি সদ্য নির্মিত ক্যানসার হাসপাতালসহ কমপ্লেক্সের সেবা-সুবিধাগুলো ঘুরে দেখেন। অধ্যাপক ইউনূসের এই সফরে সঙ্গে ছিলেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ।