গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিলফা-বয়রা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ উদ্যোক্তা সংস্থার সভাপতি মো. মানিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। বেলা দুইটায় বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। বিভিন্ন সড়ক ঘুরে আবার স্কুল প্রাঙ্গণে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কর কমিশনার মো. রুস্তম আলী মোল্লা, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমীন, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. হাবিবুর রহমান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, ব্যাংক কর্মকর্তা এ কে এম সালাহউদ্দিন আহমেদ প্রমুখ। শতবর্ষপূর্তি উৎসবের আয়োজক কমিটির আহ্বায়ক শহীদুল আলম মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আয়োজকেরা জানান, ১৯১৭ সালে নিলফা-বয়রা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উৎসবের অংশ হিসেবে জানুয়ারি মাসজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণা অনুষ্ঠান, পুনর্মিলনীসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।