শতবর্ষপূর্তিতে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম আশুজিয়া। শান্ত নিরিবিলি। এখানে আছে এক শতবর্ষী বিদ্যাপীঠ। নাম আশুজিয়া জেএনসি ইনস্টিটিউশন। গতকাল বুধবারই শুরু হয়েছে দুই দিনব্যাপী শত বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব। এই উপলক্ষে শীতের সকালটা ছিল অন্য রকম। বিদ্যাপীঠই নয়, গোটা গ্রামে ছিল উৎসবের আমেজ। সাজ সাজ রব।
শত বছরে এই প্রতিষ্ঠান থেকে কত শত শত শিক্ষার্থী বেরিয়ে গেছেন। আজ তাঁরা কোথায়? যাঁরা বেঁচে আছেন, কত কত দূরে ছড়িয়ে পড়েছেন। সংসার ও কর্মস্থলের ভার কাঁধে নিয়ে। তবু যতদূর সম্ভব, যাঁরা সময় করে উঠতে পেরেছেন, গাঁয়ের সেই চিরচেনা পথ ধরে গতকাল সকালের রোদ গায়ে মেখে ছুটে এসেছেন বিদ্যালয় প্রাঙ্গণে। ধীরে ধীরে নবীন-প্রবীণের মিলন মেলায় পরিণত হয় সেই প্রাঙ্গণ। সকাল ১০টার দিকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা নেচেগেয়ে মনের আবেগ প্রকাশ করেন। শোভাযাত্রাটি আবারও বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এরপর শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উৎসব কমিটির আহ্বায়ক ও স্থানীয় সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও বক্তব্য দেন আরিফ খান জয়, নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু তাহের ও প্রধান শিক্ষক এজাহারুল ইসলাম প্রমুখ। পরে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে কলসিন্দুর গ্রামের মেয়ে ফুটবলারদের সাফল্যের কথা উল্লেখ করে প্রধান অতিথি প্রতিমন্ত্রী নসরুল হামিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কলসিন্দুর গ্রামে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। শুধু ফুটবলার মেয়েদের সাফল্যের কারণে ওই গ্রামে বিদ্যুতের আলো পৌঁছেছে। দেশের সম্মান বয়ে আনতে তাদের মতো তোমাদেরও এগিয়ে যেতে হবে।’
এ সময় মঞ্চে অন্যদের মধ্যে নেত্রকোনার জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, বিশ্বব্যাংকের উপদেষ্টা গোলাম ফারুক খান, কেন্দুয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আসাদুল হক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরোনো দিনের স্মৃতিচারণা করে প্রাক্তন শিক্ষার্থী ও প্রবীণ শিক্ষক মো. ইদ্রিস মিয়া তালুকদার বলেন, এই বিদ্যালয়কে ঘিরে জীবনে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজ শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। এতে কী যে আনন্দ লাগছে, তা ভাষায় প্রকাশ করা সহজ নয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকির আলম ও সীমা সরকার।