শতবর্ষী গাছ কেটে বিক্রি করলেন প্রধান শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টিঙ্গবাড়ী উপজেলার বলই-হজরত ফজু শাহ সড়কের পাশের প্রায় ১০০ বছর বয়সের বিশাল আকারের চারটি কড়ইগাছ কেটে ফেলা হয়েছে।
স্থানীয় আড়িয়ল স্বর্ণময়ী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদারের নির্দেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছেন৷
এ ব্যাপারে মুন্সিগঞ্জের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাহের আলী বলেন, গাছ কাটার খবর পেয়ে গত এক সপ্তাহ আগে বিদ্যালয়ে গিয়ে
বিদ্যালয় কর্তৃপক্ষকে কোন আইনে গাছ কাটা হচ্ছে, তার কারণ জানিয়ে একটি লিখিত প্রতিবেদন দেওয়ার জন্য তিনি বলেছেন।
তবে বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের কিছুই জানায়নি৷ পরে তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।
তাহের আলী বলেন, গাছ কাটার ব্যাপারে বন বিভাগের অনুমোদনের প্রয়োজন হয়। একই সঙ্গে গাছ যদি শিক্ষাপ্রতিষ্ঠানের হয়ে থাকে, সে ক্ষেত্রে বন বিভাগের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত কমিটির অনুমোদনের প্রয়োজন রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ কোনোটিই পালন করেনি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আড়িয়ল স্বর্ণময়ী উচ্চবিদ্যালয়ের ৩০০ গজ দূরে বলই-হজরত ফজু শাহ সড়কের পাশের সরকারি চারটি কড়ইগাছ ১৫ দিন ধরে কাটা হচ্ছে।
গাছগুলো বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের দাবি করে প্রায় তিন লাখ টাকায় স্থানীয় কাঠ ব্যবসায়ী টিটু মাতবরের কাছে বিক্রি করে দেয়। তবে গাছগুলোর বর্তমান বাজারমূল্য হবে প্রায় আট লাখ টাকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির নির্দেশে তিনি গাছগুলো বিক্রি করেছেন। সভাপতি জগলুল হালদার বলেন, সড়কটি বিদ্যালয়ের জমির ওপর দিয়ে গিয়েছে। তাই বিদ্যালয়ে ভবন নির্মাণের কথা ভেবে গাছগুলো বিক্রি করা হয়েছে।
ইউএনও নাসরিন পারভিন বলেন, গাছ কাটার বিষয়টি তিনি শুনেছেন। আরও খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷