শতবর্ষী গাছ কেটে সাবাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতবর্ষী গাছ কাটছেন শ্রমিকেরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো
শতবর্ষী গাছ কাটছেন শ্রমিকেরা। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ঐতিহ্যবাহী বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজে গত তিন দিনে প্রায় শতবর্ষী নয়টি গাছ কেটে ফেলা হয়েছে। কাটাপড়ার অপেক্ষায় আছে আরও ১৩টি গাছ। ঝড়ে ক্ষতিগ্রস্ত এবং উন্নয়নের অজুহাতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এই গাছগুলো বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বগুড়া শহরের দত্তবাড়ি, কাটনারপাড়া ও নামাজগড় এলাকার স্থানীয় ১০ থেকে ১২ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯১২ সালে বগুড়া করোনেশন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করা হয়। এরপর কয়েক বছরের মধ্যেই মাঠ ও একাডেমিক ভবনের পেছনে মেহগনি, আম, কড়ইসহ নানা প্রজাতির গাছ লাগানো হয়। গত ৪ এপ্রিলের ঝড়ে এসব গাছের কিছু ডালপালা ভেঙে যায়। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ কম দামে ২২টি গাছ বিক্রি করে দেয়।
গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, শত বছরের পুরোনো এই প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের পেছনের অংশে লাগানো গাছগুলো কেটে ফেলা হচ্ছে। শহরের মাটিডালি এলাকার বিসমিল্লাহ কাঠ ঘরের মালিক মিঠু এসব গাছ কেটে নিচ্ছেন।
মিঠু শেখ বলেন, তিনি ২ লাখ ২০ হাজার টাকায় প্রতিষ্ঠানের ২২টি গাছ কিনেছেন। এর মধ্যে ১০টি মেহগনি, ১০টি রেইনট্রি এবং একটি করে আম ও আকাশমণিগাছ রয়েছে।
এ বিষয়ে করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি শুভাশিষ পোদ্দার দাবি করেন, ৪ এপ্রিলের ঝড়ে প্রতিষ্ঠানের বেশ কিছু গাছের ডালপালা ভেঙে যায়। বিদ্যুতের তার ও খুঁটির ওপর ডাল ভেঙে পড়ে হতাহতের ঘটনাও ঘটে। ওই ঘটনার পর এলাকাবাসী গাছ কাটার লিখিত দাবি জানান। বাধ্য হয়ে বন বিভাগের কাছে গাছের দাম নির্ধারণের জন্য চিঠি দেওয়া হয়। বন বিভাগের লোকজন এসে ২২টি গাছ ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তা কেটে ফেলার সুপারিশ করেন। ২২টি গাছের সম্ভাব্য দাম নির্ধারণ করে দেওয়া হয় ৯৯ হাজার টাকা।
শুভাশিষ বলেন, তিন মাস আগে গাছ বিক্রির জন্য দরপত্র দেওয়া হয়। একজন কাঠ ব্যবসায়ী ২ লাখ ৬০ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হন। কিন্তু নিলাম পাওয়ার পর তিনি গাছ নিতে অনীহা প্রকাশ করেন। বাধ্য হয়ে ২ লাখ ২০ হাজার টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা মিঠু শেখকে গাছ কেটে নিতে বলা হয়। গাছ বিক্রির টাকায় প্রতিষ্ঠানের বাস কেনার টাকা পরিশোধ করা হবে।