শতবর্ষী গাছ বিক্রির প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল থানা চত্বরের শতবর্ষী একটি পাইকড়সহ তিনটি গাছ বিক্রির প্রতিবাদে গতকাল শনিবার ক্ষেতলাল বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী এবং প্রকৃতি ও জীবন ক্লাব। পরে গাছগুলো রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী ক্ষেতলাল সদরের প্রধান সড়কের রূপালী ব্যাংকের সামনে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে আয়োজকেরা অভিযোগ করেন, ক্ষেতলাল থানা চত্বরের শতবর্ষী একটি পাইকড় এবং ৫০ বছরের পুরোনো আরেকটি পাইকড় ও একটি রেইনট্রি কড়ইগাছ দরপত্রের মাধ্যমে বিক্রি করেছে জেলা পুলিশ প্রশাসন। গাছগুলো ভেঙে পড়ে থানা ভবনের ক্ষতি হতে পারে, এ অজুহাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এগুলো বিক্রি করা হয়েছে। গাছ তিনটির মূল্য দুই লক্ষাধিক টাকা হলেও দরপত্রের মাধ্যমে তা বিক্রি করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৩০০ টাকায়।
জানা গেছে, দরপত্রের মাধ্যমে জয়পুরহাট চিনিকল সড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুব্রত মজুমদার ওই তিনটি গাছ কিনে নিয়েছে।
ঠিকাদার সুব্রত মজুমদার গত মঙ্গলবার সন্ধ্যায় জানান, পত্রিকা মারফতে দরপত্রে অংশ নিয়ে তিনি সর্বোচ্চ ডাককারী হিসেবে গাছ তিনটি কিনেছেন।
এলাকাবাসী জানান, গাছগুলো গোটা থানা চত্বরে ছায়া দিয়ে থাকে। এ ছাড়া গাছগুলোতে দীর্ঘদিন ধরে বিরল প্রজাতির ইগল ও চিল পাখি বাস করছে। অথচ পরিবেশ ও বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির পাখিগুলোর কথা না ভেবে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাছগুলো বিক্রি করা হয়েছে।
জয়পুরহাটের প্রকৃতি ও জীবন ক্লাবের আহ্বায়ক আবু জাফর মো. সালেহ জানান, বিরল প্রজাতির ইগল ও চিল পাখির নিরাপদ আবাসস্থল ক্ষেতলাল থানা চত্বরের এই গাছগুলো। কিন্তু এগুলো বিক্রি করা হয়েছে। জয়পুরহাট পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, ক্ষেতলাল থানা চত্বরের ভবনের ক্ষতি হতে পারে, এ আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে দরপত্রের মাধ্যমে ওই গাছগুলো বিক্রি করা হয়েছে। তবে ঠিকাদার এখনো গাছগুলো কেটে নেননি।