শতবর্ষী গাছটি কাটতে বুয়েটকে মানা করলেন পরিবেশবাদীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত বছরের পুরোনো একটি গাছ কাটা বন্ধ করতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বুয়েটের পাশে শহীদ মিনারসংলগ্ন সড়কে ওই গাছ কাটার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তাঁরা এ দাবি জানান।

বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা), নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও জলাধার রক্ষা আন্দোলনসহ পরিবেশবাদীদের বিভিন্ন সংগঠন এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, বুয়েট শত বছরের পুরোনো একটি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যেই গাছটি কাটা শুরু হয়েছে। কোনো কারণ ছাড়াই শত বছরের গাছ কাটা পরিবেশ, ঐতিহ্য ও স্বাভাবিক মানসিকতার পরিপন্থী।

বক্তারা বলেন, বুয়েট বাংলাদেশের একটি খ্যাতিমান ও মেধাবীদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবিরোধী কাজ অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে এ পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।

সমাবেশে বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, জলাধার রক্ষা আন্দোলনের সদস্যসচিব মশিউর রহমান, পবার সম্পাদক কে এম সেরাজুল ইসলাম, ডব্লিউবিবি ট্রাস্টের সৈয়দ সাইফুল আলম প্রমুখ বক্তব্য দেন।