শতবর্ষী গাছের প্রাণ যায় যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসার ব্যবস্থা করার জন্য বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শতবর্ষী একটি বটগাছের তিন দিকে ১৭ ফুট গভীর ও প্রায় চার ফুট প্রস্থ করে গর্ত করা হয়। এরপর ১৬ মে প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে গর্তগুলোতে পানি জমে রয়েছে। এতে গোড়া দুর্বল হয়ে গাছটি যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।দলীয় সূত্রে জানা গেছে বিএনপিদলীয় স্থানীয় সাংসদ এ কে এম হাফিজুর রহমান ও একই দলের উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর শাহে আলমের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব রয়েছে। উপজেলা চেয়ারম্যানের ইচ্ছাতেই ওই প্রকল্প নেওয়া হয়েছিল। এ কারণে সাংসদ প্রকল্পটি বন্ধ করে দিয়েছেন।এলাকাবাসী ও উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, পৌর এলাকার শ্মশান ও করতোয়া নদীর পাশে ১০০ বছরেরও বেশি বয়সের একটি বটগাছ রয়েছে। গাছটির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ও গরমের সময় মানুষ যাতে গাছের নিচে বিশ্রাম নিতে পারে, এ জন্য উপজেলা পরিষদের তহবিল থেকে সাত লাখ টাকার উন্নয়নকাজ দরপত্রের মাধ্যমে এক ঠিকাদারকে দেওয়া হয়। সম্প্রতি ঠিকাদার গাছের গোড়া ঘেঁষে তিনদিকে প্রায় চার ফুট প্রস্থ ও ১৭ ফুট গভীর করে গর্ত করেন। এ অবস্থায় ১৬ মে উপজেলা প্রকৌশলীর নির্দেশে ঠিকাদার কাজটি বন্ধ করে দেন। ফলে ওই গর্তে পানি জমে গাছের গোড়া দুর্বল হয়ে পড়েছে। ঝড়ের এ মৌসুমে ঝুঁকির মুখে রয়েছে শতবর্ষী বটগাছটি।বানাইল বারোয়ারি মন্দির, শ্মশান উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সহসভাপতি বিপ্লব কুমার দাস বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে গাছটি উপড়ে পড়ে শ্মশানের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। উপজেলা প্রকৌশলী সামছুল আলম বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে কাজ শুরু হয়েছিল। উনাদের নির্দেশেই আবার কাজ স্থগিত করা হয়েছে। নতুন করে কাজ না করা হলে মাটি দিয়ে গর্ত ভরাট করে দেওয়া হবে।’ ইউএনও রবিউল ইসলাম বলেন, স্থানীয় সাংসদ পৌরসভার মধ্যে এ কাজ হোক তা চাচ্ছেন না।উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, ‘যে সভাতে কাজটি অনুমোদন হয়েছে সে সভাতে সাংসদ উপস্থিত ছিলেন এবং এ কাজে উনার সম্মতি ছিল। আর রাজনৈতিক বিষয়ের দ্বন্দ্ব আলাদা। এলাকার উন্নয়নের জন্য সাংসদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই।’ সাংসদ হাফিজুর রহমান বলেন, ‘উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের টাকা দিয়ে পৌরসভার মধ্যে প্রকল্প গ্রহণ নীতিমালা-পরিপন্থী। সম্মতি দেওয়ার কথা সত্য নয়, অবৈধ কাজে আমার কখনোই সম্মতি ছিল না।’