শতবর্ষী নারীর কারামুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ বছর কারাভোগের পর গতকাল মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন শতবর্ষী ওয়াহিদুন্নেছা। চাঁদপুরে মতলব এলাকায় সালামত প্রধানিয়ার স্ত্রী তিনি।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৬ জুন প্রধান বিচারপতি এস কে সিনহা গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। তখন যেসব বন্দী বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন এবং দীর্ঘদিন ধরে কারাগারে আটক আছেন, এ রকম বন্দীদের একটি তালিকা প্রধান বিচারপতিকে দেওয়া হয়। ওই সময় প্রধান বিচারপতির কথা হয় শতবর্ষী ওয়াহিদুন্নেছার সঙ্গে। প্রধান বিচারপতি কারাগারে ওই বৃদ্ধার ব্যাপারে বিস্তারিত খোঁজ নিয়ে তাঁর রিভিউ আবেদন দাখিলের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আপিল বিভাগে ওয়াহিদুন্নেছার রিভিউ আবেদনটির শুনানি হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ যাবজ্জীবন সাজার রায় বাতিল করে ওয়াহিদুন্নেছাকে মুক্তির নির্দেশ দেন।
মামলার বিবরণীতে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৭ সালের ২৯ জুন চাঁদপুরের মতলব উপজেলার জোরাখালী গ্রামের হযরত আলীসহ তাঁর পরিবারের আট সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় ওই বছরই ওয়াহিদুন্নেছাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় চাঁদপুরের জেলা ও দায়রা জজ ১২ জনকে মৃত্যুদণ্ড এবং ওয়াহিদুন্নেছাসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, খুনের মামলায় ওয়াহিদুন্নেছাকে ২০০০ সালের ১৪ মে যাবজ্জীবন সাজা দেন চাঁদপুরের আদালত। তাঁকে ২০০৭ সালের ২৩ নভেম্বর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওয়াহিদুন্নেছা মুক্তি পান। এ সময় ওই নারীর ছেলে, মেয়ে এবং পুত্রবধূ কারাফটকে উপস্থিত ছিলেন।