শতবর্ষী পুকুর ভরাট করে উঠবে বিপণিবিতান
ভোলার লালমোহন পৌরসভায় লালমোহন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ শতাধিক বছরের পুরোনো একটি পুকুর ভরাট করে বিপণিবিতান নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।বিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যবসায়ী আনিছুল হক বলেন, পৌরসভার ৪, ৬ নম্বর ওয়ার্ডসহ লালমোহন বাজারের প্রায় তিন-চার হাজার মানুষ পুকুরের পানি ব্যবহার করে আসছে। পৌর ভবনের সামনের ব্যবসায়ী জাকির হোসেনের ভাষ্য, ভোর থেকে রাত অবধি দক্ষিণ বাজারের পাইকার, দোকানের কর্মচারী, ব্যবসায়ী, মসজিদের মুসল্লিসহ পৌরসভার বাসিন্দারা এই পুকুর ব্যবহার করছে। এটি ভরাট করলে দক্ষিণ বাজারে আগুন লাগলেও পানি পাওয়া যাবে না।খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকায় বিভিন্ন দাগে লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের নয় একর ২৮ শতাংশ জমি রয়েছে। এ জমির প্রায় চার একরজুড়ে বিশাল বিপণিবিতান নির্মাণ করছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। এখানে ২৭১টি আধপাকা দোকান নির্মাণ করা হবে। ইতিমধ্যে ১৯৮টি নির্মাণ করা হয়েছে এবং এগুলো বরাদ্দ চলছে। বাকি দোকানঘর নির্মাণের জন্য বিদ্যালয় ভবনের উত্তর পাশের শত বছরের পুরোনো প্রায় এক একর আয়তনের পুকুরটি ভরাটের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এ জন্য গত বুধবার নিলাম ডাকা হয়। সেখানে এনামুল হক নামের এক ঠিকাদারকে সর্বনিম্ন দরদাতা (প্রতি ঘনফুট বালি আড়াই টাকা) হিসেবে বালি ভরাটের কাজ দেওয়া হয়।এনামুল হক বলেন, ‘আমার সঙ্গে শুধু মৌখিক চুক্তি হয়েছে।’পরিবেশবাদী সংগঠন বেলার বরিশাল বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা লিংকন বায়েন বলেন, পৌরসভার মধ্যে থাকা পুকুর ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ। এটি ভরাট করা যাবে না। কারণ, পুকুর ভরাটের সঙ্গে সঙ্গে জীববৈচিত্র্য ধ্বংস হয়।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তৈয়ব বলেন, ‘আমরা পুকুরের অর্ধেক ভরাট করে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু একটি মহল স্কুলের উন্নয়ন চাইছে না।’ একই ধরনের কথা বলেন কমিটির সদস্য জহির হাওলাদার।লালমোহন উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী মো. ফোরকান ও নাজির মো. আলী জানান, লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে পুকুরের বেশির ভাগ জমি ১ নম্বর খাস খতিয়ানের। তবে কতটুকু জমি খাস আর কতটুকু দাতার, তার জন্য তহশিলদারকে জরিপ করতে পাঠানো হয়েছে। পুকুর ভরাটের খবর পেয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে নিষেধ করা হয়েছে। শিগগির তদন্ত প্রতিবেদন ওপরে পেশ করা হবে।জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুকুরটি যাতে ভরাট না করা হয়, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।