শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা
পুকুরে কাপড় ধোয়ায় ব্যস্ত কয়েকজন নারী। তাঁদেরই একজন অনিতা সাহা। তিনি বলেন, ‘এই পুকুর আমাদের এলাকার সবার খুব কাজে লাগে। আমরা বাসন-কোসন ধুই, কাপড়-চোপড় পরিষ্কার করি, স্নান করি।’ পাশ থেকে লক্ষ্মী রানী সরকার নামে আরেকজন বলেন, ‘পুকুরটি ভরাট করে ফেললে আমাদের কাজের খুব সমস্যা হবে।’পুকুরের পাশেই বিপুল কুমার সাহার মুদি দোকান। তিনি জানান, এলাকায় আগুন লাগলে এই পুকুরের পানিই তাঁদের রক্ষা করে। দীপংকর কুমার দে জানান, পুকুরটি ১০০ বছরেরও পুরোনো। আগে এই পুকুরের দক্ষিণ দিকে সানবাঁধানো ঘাট ছিল। কিন্তু কালের বিবর্তনে তা বিলুপ্ত হয়ে গেছে।ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র গোয়ালচামটের সিংপাড়ার ৭৫ শতাংশ জমির ওপর শতবর্ষী পুকুরটি ভরাট করতে ট্রাকে করে মাটি ফেলার কাজ শুরু হয়েছে। গত ১০ মে পুকুর ভরাটের কাজ শুরু হলে এলাকার লোকজন প্রতিবাদ জানায়। এতেও ভরাট কাজ বন্ধ না হওয়ায় ২৩ মে ‘জনকল্যাণে ব্যবহূত পুকুর ভরাট না করার’ দাবিতে ১২৩ জনের স্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক, পৌরসভার মেয়র, সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে দেওয়া হয়। গত মঙ্গলবার পুকুর ভরাট বন্ধ করে দেওয়া হয়।অনুসন্ধানে জানা গেছে, সাত ব্যক্তি পুকুরটির মালিক। পুকুরের পাড়ে ‘রাধা গোবিন্দের মন্দির’ নামে একটি মন্দির রয়েছে। মন্দিরে স্থান সংকুলান না হওয়ায় মালিকেরা পুকুরটির দক্ষিণ পাশ থেকে ১৭ শতাংশ জায়গা মন্দিরের নামে লিখে দেন। এলাকাবাসীর ধারণা, মন্দির হওয়ার পরও বাকি ৫৩ শতাংশ জমিতে পুকুরটি অক্ষুণ্ন থাকবে। কিন্তু মন্দিরের জন্য নির্ধারিত জায়গাটি ভরাটের নামে পুকুরের তিন দিক থেকে ট্রাকে করে মাটি ফেলা শুরু হলে এলাকাবাসীর টনক নড়ে। তাঁরা পুকুরের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা টিটু নাগ বলেন, ‘আমরা মন্দিরের বিরোধী নই। মন্দির হোক। মন্দিরের পাশে পুকুরও চাই। পুকুর বন্ধের পেছনে এলাকার ক্ষমতাশালীরা নেপথ্যে কলকাঠি নাড়ছেন।’ পুকুর ভরাটের মূল উদ্যোক্তা আওয়ামী লীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান অমিতাভ বোসের ভাই স্বপন বোস। তিনি বলেন, ‘এলাকায় পুকুরের কোনো প্রয়োজন নেই। ব্যক্তি মালিকানাধীন পুকুর মালিকেরা ভরবেন, তাতে কার কী বলার আছে?’ তিনি দাবি করেন, যাঁরা পুকুর ভরাটের বিরোধিতা করছেন, তাঁরা তাঁদের কাছে চাঁদা চেয়েছিলেন। আমরা চাঁদা দিইনি বলে বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়ে বেড়াচ্ছেন।ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো. নাজমুল হুদা জানান, শহরের পুকুর ও জলাধারগুলো পরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত। অনুমতি ছাড়া শহরের পুকুর ভরাট করা যায় না। সিংপাড়ার পুকুর ভরাটের ব্যাপারে কোনো অনুমতি দেওয়া হয়নি।ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী জানান, ব্যক্তি মালিকানাধীন হলেও পৌর এলাকার কোনো পুকুর পৌরসভার অনুমতি ছাড়া ভরাট করা যায় না। পৌরসভা ওই পুকুরটি ভরাটের ব্যাপারে কোনো অনুমতি দেয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।