শতবর্ষী পুকুরটি এখন ভাগাড়

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া সরকারি শতবর্ষী পুকুরটি এখন ময়লা-আবর্জনা ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পুকুরটির বেশির ভাগই ভরাট হয়ে গেছে। বেশ কিছু জায়গা স্থানীয় লোকজন দখলও করে নিয়েছে।
মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয়, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় পুকুরটির অবস্থান। এর আয়তন ১ একর ৯৬ শতক। মধ্যনগর এলাকাটি তৎকালীন গৌরীপুরের জমিদার বীরেন্দ্র কিশোর রায় চৌধুরীর অধীনে ছিল। ১৯১৫ সালের দিকে পুকুরটি খনন করা হয়। মধ্যনগর বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে দু-তিনবার পুকুরটি সংস্কার করা হয়। বাজারের ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনাগুলো এই পুকুরের পানি দিয়েই নিবারণ করা হতো। কিন্তু ২০ থেকে ২৫ বছর ধরে পুকুরটি সংরক্ষণে আর কারও নজর নেই।
সরেজমিনে গত বুধবার দেখা যায়, পুকুরের উত্তর-পূর্ব পাশে ময়লা-আবর্জনার স্তূপ। চারদিকে বসতবাড়িসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পুকুরটি কচুরিপানা ও আগাছায় ভরে আছে।
মধ্যনগর বাজার এলাকার বাসিন্দা আলাউদ্দিন বলেন, শতবর্ষী এই পুকুরটির পানি একসময় এলাকাবাসী পান করত। কিন্তু ২০-২৫ বছর ধরে এটি সংস্কার ও খনন না করায় বেশির ভাগ স্থানই এখন ভরাট হয়ে গেছে। পুকুরটির কিছু জায়গা লোকজন দখল করে নিয়েছে। এটি রক্ষায় কারও কোনো উদ্যোগ নেই। স্থানীয় একটি প্রভাবশালী মহল পুকুরটি দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসতঘর নির্মাণের জন্য পাঁয়তারা চালিয়ে এলেও এলাকার সচেতন মানুষের চেষ্টায় রক্ষা পেয়েছে। দ্রুত এটি সংস্কার ও মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান এই বাসিন্দা। মধ্যনগর বাজার ধান-চাল আড়ত কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও সমাজসেবক জহিরুল হক বলেন, এই বাজারটি জেলার বৃহত্তম ধানের বাজার হিসেবে পরিচিত। শুষ্ক মৌসুমে বাজার লাগোয়া সোমেশ্বরী নদীর পানি শুকিয়ে যায়। এলাকাবাসীর গোসলসহ দৈনন্দিন নানা কাজে পানির খুবই সমস্যা হচ্ছে। বাজারে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পানির অভাবে অল্পের ভেতর তা থেকে রক্ষা পাওয়ার উপায় নেই।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, পুকুরটির বেশ কিছু জায়গা স্থানীয় লোকজন দখল করে রেখেছে। দখলদারদের তালিকা করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, এই প্রাচীন পুকুরটি রক্ষায় খনন ও সংস্কার প্রয়োজন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খন্দকার বলেন, পুকুরটির জায়গা দখলসংক্রান্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এই প্রাচীন পুকুরটির খনন ও সংস্কারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।