শতবর্ষী বটগাছ কি বাঁচানো যাবে না?

সিলেট শহরের বন কলাপাড়া এলাকায় গেলে যে কারও চোখ আটকাবে শতবর্ষী এক বটগাছে। গাছটির গোড়ার ব্যাস প্রায় ১০ ফুট। দূর থেকে গাছটিকে দেখলে মনে হয়, চারপাশ থেকে শত শত শিকড় মাটি ফুঁড়ে ওপরে উঠে যেন কিছু একটা আড়াল করে রেখেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে গাছটির ডালপালা কেটে ফেলা হয়েছে। সম্প্রতি ওই এলাকার রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। স্থানীয় বাসিন্দারা চাইছেন, গাছটি বাঁচিয়ে রাস্তা সম্প্রসারণ করা হোক।
সিটি করপোরেশন সূত্র জানায়, শহরের পিটিআই থেকে লাক্কাতুরা চা-বাগান পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তাটি সম্প্রসারণ করার কাজ চলছে। এই রাস্তাটি প্রস্থে কোথাও আট ফুট কোথাও ১২ ফুট। করপোরেশন রাস্তাটি ১৮ ফুট চওড়া করার উদ্যোগ নিয়েছে। এই রাস্তার মধ্যেই বন কলাপাড়া এলাকায় পড়েছে বটগাছটি। গত বুধবার সকালে রেইনট্রিসহ বিভিন্ন জাতের সাতটি গাছ কাটা পড়েছে।
বটগাছটি না কাটতে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের সঙ্গে স্থানীয় লোকজন কথা বলেছেন। বটগাছটি অক্ষত রেখে গোড়ার উভয় দিক সংরক্ষণ করে রাস্তা সম্প্রসারণের প্রস্তাব দিয়েছেন তাঁরা।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম বলেন, বটগাছটি ওই এলাকায় বসতি গড়ে ওঠার আগে থেকেই ছিল। স্থানীয় বাসিন্দারা এটিকে শতবর্ষী বটবৃক্ষ বলে জানেন। রাস্তার পাশে হওয়ায় অনেক দর্শনার্থীরই নজর কাড়ে এই বটবৃক্ষ। বটবৃক্ষটি রক্ষা করে রাস্তা বড় করা উচিত সিটি করপোরেশনের।
বন কলাপাড়ার বাসিন্দা পঞ্চাশোর্ধ সৈয়দা কানিজ ফাতেমা বলেন, তাঁর বাবা ১৯৬৪ সালে ওই এলাকায় যখন প্রথম যান, তখনো বটগাছটি পরিপক্ব অবস্থায় ছিল। এটি ছোটবেলায় তিনি তাঁর বাবার মুখ থেকে শুনছেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ওই এলাকার রাস্তা সম্প্রসারণ করার জন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। রাস্তা বড় করার স্বার্থে অনেক স্থাপনা অপসারণও করা হয়েছে। শতবর্ষী বটবৃক্ষ রক্ষা করা যায় কি না, সিটি করপোরেশনও তা ভাবছে।