শতবর্ষী বৃক্ষ নিধনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলওয়ের অনুমতি নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন পাহাড়তলী এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ করছে। এই সুযোগে স্থানীয় দুর্বৃত্তরা গত শুক্রবার আটটি গাছ কেটে নিয়ে যায়। গতকাল শনিবার আরও তিনটি গাছ কাটার প্রস্তুতি নেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে শতবর্ষী এই শিরীষগাছ কাটার আগে ডালপালা ছেঁটে ফেলা হয়। বেলা তিনটায় ছবিটি তুলেছেন জুয়েল শীল

চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে দিনে-দুপুরে গাছ কেটে নেওয়ার ঘটনায় মামলা করেছে রেলওয়ে। গতকাল শনিবার রাতে খুলশী থানায় এ মামলা দায়ের করা হয়। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
খুলশী থানা সূত্র জানায়, রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. আমির হোসেন খান বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে ও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ছয়-সাতজনকে। বর্তমানে গাছা কাটা বন্ধ রয়েছে।
আসামিরা হলেন সুলতান গাজী, মোহাম্মদ সবুজ, আরমান ও সোহেল। এর মধ্যে প্রথম দুজনকে গতকাল সন্ধ্যায় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করেন। সুলতান গাজী গাছ কাটায় নিয়োজিত শ্রমিকদের একজন ও সবুজ পিকআপ চালক। আদালত পাঠানো হলে তাঁদের জামিন দেওয়া হয়।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, ‘রেলওয়ের শতবর্ষী বৃক্ষ নিধনের সঙ্গে জড়িত মূল হোতাদের এখনো চিহ্নিত করা হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন কেউ মুখ খুলছেন না। তবে আমরা তদন্ত অব্যাহত রেখেছি।’
এদিকে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ তরুণ কান্তি বালাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তরুণ কান্তি বালা প্রথম আলোকে বলেন, ‘গাছ কাটার সঙ্গে জড়িত থাকার দায়ে দুজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। আজ সন্ধ্যার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা চলছে।’
গত শুক্রবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে দিনে-দুপুরে দুর্বৃত্তরা রেলওয়ের মালিকানাধীন আটটি গাছ কেটে নিয়ে যান। আরও তিনটি গাছ কাটার প্রস্তুতি নিলেও রেলওয়ে কর্মকর্তাদের বাধার মুখে তা আর সম্ভব হয়নি। চট্টগ্রাম সিটি করপোরেশন ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করে। দুর্বৃত্তরা এই সুযোগে গাছ কাটা শুরু করে।