শতবর্ষী ৪৯টি গাছ কাটার প্রস্তুতি!
চুয়াডাঙ্গায় ৪৯টি শতবর্ষী গাছ কাটার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক চওড়া করার জন্য রাস্তার দুই ধারের এসব গাছ কাটা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য গাছগুলো না কাটার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা জাসদ। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের পায়রা চত্বরে মানববন্ধন করা হয়। এরপর সমাবেশে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি ফজলুর রহমান ওরফে খুররমসহ অন্যরা।
ঝিনাইদহ জেলা পরিষদের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে ওই সড়কে উন্নয়নকাজ চলছে। চলছে সড়কটি চওড়া করার কাজ। তবে বেশ কিছু গাছ সড়কের ওপরে পড়েছে। তা ছাড়া গাছের শিকড় সড়কের ক্ষতি করছে। এ কারণে জেলা পরিষদ আর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা সরেজমিনে দেখে গাছগুলো কাটার পক্ষে মত দিয়েছেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটিতে এটি অনুমোদিত হওয়ার পর বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। তারপর গাছ কাটা হবে।
স্থানীয় লোকজন বলছেন, গাছগুলো ১৮৮৫-৮৬ সালের দিকে লাগানো। এগুলো এলাকার সৌন্দর্য বাড়িয়েছে। ২০০১ সালের দিকে একবার গাছগুলো কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন সাধারণ মানুষ প্রতিবাদ জানালে কাটা বন্ধ হয়ে যায়। আবারও গাছ কাটার খবরে মানুষ ক্ষুব্ধ। চুয়াডাঙ্গা সড়কের বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, সড়ক চওড়া করার কাজ প্রায় শেষ। গাছগুলো সড়কের কোনো ক্ষতি করছে না। বরং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করছে। তারপরও এসব গাছ কাটার উদ্যোগ নেওয়া উচিত হয়নি।
জেলা পরিষদের প্রশাসক আবদুল ওয়াহেদ জোয়ার্দ্দার জানান, সড়কের প্রয়োজনে গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। কাটার অনুমোদন পাওয়ার পর দরপত্র আহ্বান করা হবে। সবকিছুই স্বচ্ছতার সঙ্গে হবে।