শতবর্ষে কুন্দপ্রভাকে স্মরণ
মাস্টারদা সূর্য সেনের সঙ্গী অকুতোভয় বিপ্লবী কুন্দপ্রভা সেনগুপ্তার জন্মশতবার্ষিকী উদ্যাপিত হচ্ছে এ বছর। ১ অক্টোবর ছিল অগ্নিযুগের এই বিপ্লবীর জন্মদিন। কুন্দপ্রভার মেয়ে প্রিয়শ্রী সেনগুপ্তার সঙ্গে কথোপকথনের ভিত্তিতে এই স্মৃতিকথা লিখেছেন নারীনেত্রী ও লেখিকা মালেকা বেগম
কুন্দপ্রভা সেনগুপ্তা ১৯৩২ সালের মার্চ থেকে ১৯৩৪–এর মে মাস পর্যন্ত চট্টগ্রামের বিপ্লবী সেনানি সূর্য সেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৩৩ সালে বন্দী হলেন চট্টগ্রামের জেলে। সেই জেলেই বন্দী বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হলো ১৯৩৪-এর ১২ জানুয়ারি। ১৩ জানুয়ারি চট্টগ্রাম কারাগার থেকে স্বদেশি বন্দীদের বিভিন্ন জেলে পাঠিয়ে দেওয়া হলো। ৬ ফেব্রুয়ারি, ১৯৩৪-এ কুন্দপ্রভাকে রাজশাহী জেলে স্থানান্তর করা হলো। মুক্তি পেলেন ২৪ এপ্রিল (১৯৩৪)। অষ্টাদশী কুন্দপ্রভার বিয়ে হলো বাবার নির্বাচিত পাত্র জগদ্বন্ধু সেনগুপ্ত, এমএ, এলএলবির (১৯০২-১৯৮১) সঙ্গে। কুন্দপ্রভা বই লিখেছেন কারাস্মৃতি, দেশপ্রীতি ও চট্টলার বীর স্মৃতি এবং পরীক্ষায় গুরুলাভ।
কুন্দপ্রভা সেনগুপ্তার (১৯১৬-১৯৯০) সঙ্গে আমার পরিচয় হয়েছিল ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ সংগঠনের চট্টগ্রাম শাখার সম্মেলনে ১৯৭৪ সালে। তাঁর সাক্ষাৎকার কেন যে নিইনি সে সময় অথবা পরেও, সেই দুঃখ আমাকে পীড়িত করে আজও।
২০১৩ সালে চট্টগ্রামে গিয়েছিলাম ‘বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট’-এর পরিচালক পঙ্কজ চক্রবর্তীর আমন্ত্রণে। সে সময় অপূর্ণ আকাঙ্ক্ষা পূরণের সুযোগ পেলাম কুন্দপ্রভা সেনগুপ্তার মেয়ে

প্রিয়শ্রী সেনগুপ্তার সঙ্গে যোগাযোগ করে। তাঁর বাড়িতে গিয়ে এই সাক্ষাৎকারটি নেওয়ার সুযোগ পেলাম ২০১৩ সালের ২৩ মে। তিনি প্রফুল্ল চিত্তে আমাকে তাঁর প্রয়াত মায়ের কথা বললেন।
মা কুন্দপ্রভার কথা বলতে শুরু করেই তিনি প্রথমেই বললেন, মায়ের কারাস্মৃতি বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৬১ সালে। বাবা জগদ্বন্ধু সেনগুপ্ত তাঁর স্ত্রীর লেখা বইটির প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছিলেন। তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজস্ব আর্থিক সাহায্য ও অনুপ্রেরণায়।
বালিকা বয়সে আকস্মিকভাবে সূর্য সেনের সঙ্গে কুন্দপ্রভার সরাসরি যোগাযোগ হয়। এরপর বিপ্লবী কর্মকাণ্ডে উদ্দীপ্ত হয়ে গোপন কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। ইশতেহার লিখে বিলি করার সময় তিনি পুলিশের হাতে ধরা পড়েন।
১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আত্মাহুতি দেন (বা নিহত হন)। সে খবর তাৎক্ষণিকভাবে সূর্য সেন জানেননি। তিনি সেদিন কুন্দপ্রভা, কল্পনা দত্ত, অপূর্বসহ প্রায় এক শ জনকে বন্দুক চালানো শেখানোর জন্য কানুর দিঘিরপাড়ে সমবেত করেছিলেন।
কুন্দপ্রভার বাবা-মা মেয়ের বিপ্লবী কর্মতাড়না লক্ষ করে বাড়িতে কড়া নজরে রেখেছিলেন। মা-বাবার সঙ্গে তাঁকে ঘুমাতে হতো তখন। বাথরুমে যাওয়ার কথা বলে ঘরের বাইরে যাওয়ার সময় দেখলেন বাবাও সঙ্গে সঙ্গে রয়েছেন। তাঁকে এড়িয়ে কাঁটা গাছের ঝোপে মাথা ঢুকিয়ে দৌড়ে পালিয়ে গেলেন ডাকতে আসা গোপন সাথির সঙ্গে। সেদিন ছিল ২৪ সেপ্টেম্বর ১৯৩২। সেদিন প্রীতিলতা গেছেন ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য। অন্যদিকে কিশোর-কিশোরী-তরুণ-তরুণীদের অস্ত্র চালনা শেখাচ্ছিলেন মাস্টারদা সূর্য সেন নিজে।
কিশোরী কুন্দপ্রভা নির্ভয়ে বন্দুক চালনা শিখতে থাকলেন। বিপ্লবী হওয়ার তীব্র আকাঙ্ক্ষার পুলিশ-জেল-নির্যাতনের ভয় ও বাবা-মা সবার স্নেহচ্ছায়া তুচ্ছ করে তিনি আত্মগোপনে চলে গেলেন দলের নির্দেশে।
১২ জানুয়ারি ১৯৩৪ সালে মাস্টারদার ফাঁসি হয়ে গেল চট্টগ্রাম জেলেই। একই কারাগারে ছিলেন কুন্দপ্রভাও। তবে ফাঁসির আগে মাস্টারদার সঙ্গে দেখা হওয়ার কোনো সুযোগই মেলেনি তাঁর। মাস্টারদা সূর্য সেনের শেষ বিদায়ের বাণী কুন্দপ্রভার শুধু মুখস্থই ছিল না, অন্তরের অন্তস্তলে খোদিত ছিল। বন্দে মাতরম ধ্বনিতে চট্টগ্রাম জেলখানার সব বন্দীকে জাগিয়ে দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। ফাঁসির আগে তাঁর শেষ বাণী ছিল, ‘প্রাণের সাথিরা! আমার অনুরোধ, আমাদের দলে-সংগঠনে যেন কোনো প্রকার বিভেদ না থাকে, দলের মধ্যে ঐক্য চাই।’
১৯৩৪ সালের ১৩ জানুয়ারি থেকে সব স্বদেশি জেলবন্দীকে চট্টগ্রাম জেলখানা থেকে অন্যান্য কারাগারে পাঠানো শুরু হয়। কুন্দপ্রভাকে ৬ ফেব্রুয়ারি পাঠানো হলো রাজশাহী জেলে। সেখানে হঠাৎ দেখা পেলেন কল্পনার, কল্পনা দত্ত—যার নাম ছিল ভুলু, দলের দেওয়া নাম ছিল রমা। কুন্দপ্রভা ছিলেন সম্পর্কে কল্পনার মাসি। আত্মীয় বলে নয়, বিপ্লবী সাথিকে পেয়ে কুন্দপ্রভা খুশি হয়েছিলেন। কল্পনা দত্ত ছিলেন ‘বি’ ক্লাসের আসামি আর কুন্দপ্রভা ছিলেন নিম্ন ক্লাসের আসামি। রাতে কল্পনা দত্ত মাসিকে নিজের মশারি-লেপ-তোশকসহ লোহার খাট ছেড়ে দিয়ে নিজে শুতেন মাটিতে মাসির বিছানায়। জেল থেকে কুন্দপ্রভা মুক্তি পেলেন ২৪ এপ্রিল। এরপর তাঁর বিয়ে হলো ১৯৩৫ সালে।
কুন্দপ্রভা ছিলেন অসম্ভব করিতকর্মা। এক মিনিট বসে থাকতেন না। কবিতা লিখতেন মনের আনন্দে। তাঁর জীবনের বিকাশ সম্ভব হয়েছিল স্বামী জগদ্বন্ধু সেনগুপ্তর উৎসাহে। কারাবন্দী মেয়েকে পারিবারিকভাবে প্রস্তাব দিয়ে বিয়ে করতে আপত্তি করেননি তিনি। কুন্দপ্রভার চেয়ে বয়সে ১৫ বছরের বড় ছিলেন। আদর্শবান ও আইনবিদ জগদ্বন্ধু সেনগুপ্ত স্ত্রীর বন্ধু হয়ে উঠেছিলেন। কুন্দপ্রভাকে নিয়ে বহু সভা-সমিতিতে যেতেন। বহু সাংস্কৃতিক-সাহিত্য-নারী সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে উৎসাহ জুগিয়েছিলেন স্ত্রীকে।
১৯৪৭ সালে দেশ ভাগ হয়ে যাওয়ার পর কুন্দপ্রভার মা ও দুই ভাই কলকাতায় চলে গেলেন। উদ্বাস্তু জীবনযাপনে প্রিয়শ্রীর বাবা সম্মত হননি। কিন্তু তাঁর সমাজে তিনি কোণঠাসা হতে হতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। কুন্দপ্রভারাও থেকে গেলেন চট্টগ্রাম।
১৯৭২ সালে কল্পনা দত্ত এসেছিলেন বাংলাদেশে। তখন কুন্দপ্রভার সঙ্গেও দেখা করেন তিনি। এরপর আবার ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে এসেছিলেন তিনি।
কুন্দপ্রভা ও কল্পনা দত্ত চট্টগ্রামের বিপ্লবী কর্মযজ্ঞের দিনগুলোর স্মৃতিচারণায় বারবার সূর্য সেন, প্রীতিলতার কথা বলছেন। বাংলাদেশের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথাও তাঁরা বলেছেন। কুন্দপ্রভা চট্টগ্রামেই থেকেছেন। নানা জায়গায় আত্মরক্ষার্থে লুকিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। মহান এই বিপ্লবী ১৯৯০ সালের ২ জুলাই চট্টগ্রামে শেষনিশ্বাস ত্যাগ করেন।