শতবর্ষে নবাবগঞ্জের বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হে অতীত তুমি ভুবনে ভুবনে, কাজ করে যাও গোপনে গোপনে।’ কবির এই অনুভূতির মতো গোপনে নয়, সরবেই শত বছর ধরে মানুষ গড়ার কাজ করছে বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয়। ৮ জানুয়ারি বিদ্যালয়টি শতবর্ষে পা দিয়েছে।ইংরেজ শাসনামলে ঢাকার নবাবগঞ্জে গড়ে উঠেছিল খ্রিষ্টান সম্প্রদায়ের জনবসতি। তাদের পাশাপাশি এই অঞ্চলের হিন্দু-মুসলিমসহ সবার শিক্ষাব্যবস্থা প্রসারের লক্ষ্যে মিশনারিদের ব্যবস্থাপনায় ইছামতি নদীর তীরে বান্দুরা নামক স্থানে ১৯১২ সালের ৮ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয়।অনেক চড়াই-উতরাই পেরিয়ে শত বছরে পদার্পণ করল বান্দুরা হলিক্রস উচ্চবিদ্যালয়। শত বছর উদ্যাপন উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গতকাল মঙ্গলবার থেকেই বর্ণিল সাজে সেজেছে বিদ্যালয়টি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বিদ্যালয়ের প্রথম জীবনের টিনশেডের ঘরগুলো এখন ঝলমল করছে।শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ১২, ১৩ ও ১৪ জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও।