বাগেরহাটের সরকারি পিসি কলেজের শতবর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল বুধবার ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা হয়েছে। পরে কলেজটির প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের (পিসি রায়) প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা হয়।
বেলা ১১টায় শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনদের নিয়ে শোভাযাত্রাটি বের হয়। বেলা সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে পিসি রায়ের ভাস্কর্যের পাদদেশে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধবচন্দ্র রুদ্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক এ এইচ এম এ ছালেক। সভায় পিসি রায়সহ কলেজটি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করা হয়।
তৎকালীন হাবেলি পরগনার কয়েকজন জমিদার, সাধারণ মানুষ ও বিদ্যোৎসাহী ব্যক্তিদের নিয়ে বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় ১৯১৮ সালের ৯ আগস্ট কলেজটি প্রতিষ্ঠা করেন। সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয় এটিকে স্বীকৃতি দেয়। তখন এটির নাম ছিল বাগেরহাট কলেজ। পরে কলেজটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং শেরেবাংলা এ কে ফজলুল হকের প্রচেষ্টায় ১৯৩৬-৩৭ সালে এটিকে আচার্য প্রফুল্লচন্দ্র (পিসি) কলেজ নামকরণ করা হয়।