৪০০ বছরের পুরোনো ঢাকায় শতবর্ষে পদার্পণ করছে ঐতিহ্যবাহী ‘ঢাকা ক্লাব’। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে অবস্থান তৈরি করা ক্লাবটি হয়ে উঠেছে ইতিহাস ও ঐতিহ্যের অংশ।১৯১১ সালের ১৯ আগস্ট ইংরেজরা প্রতিষ্ঠা করে ঢাকা ক্লাব। অভিজাত ব্যক্তিদের ক্লাব হিসেবে পরিচিত এ প্রতিষ্ঠানটি ১ আগস্ট থেকে উদ্যাপন করছে ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।শুরুর দিকে ঢাকা ক্লাব ব্যবহূত হতো ইংরেজদের অবকাশ ও বিনোদনকেন্দ্র হিসেবে। তারা এখানে বিলিয়ার্ড, টেনিসসহ বিভিন্ন খেলাধুলা করত। ভারত বিভক্তির পর ইংরেজরা চলে যায়। মূলত পাকিস্তান আমলে এটি অভিজাত লোকদের ক্লাব হিসেবে ব্যাপক পরিচিতি পায়। এ ধারা বজায় থাকে স্বাধীন বাংলাদেশেও।ঢাকা ক্লাব কর্তৃপক্ষ জানায়, শতবর্ষ উদ্যাপন করা হবে জাঁকজমকভাবে। এ জন্য নানা আয়োজনের পরিকল্পনাও শিগগিরই নেওয়া হবে। ক্লাবটি যেন জনবিচ্ছিন্ন না হয়, সে জন্য সমাজের সঙ্গে আরও সম্পৃক্ত হতে চায় কর্তৃপক্ষ। শতবর্ষ উদ্যাপনের আয়োজনে তাই সাধারণ মানুষের কাছে যাওয়ার পরিকল্পনা রয়েছে।বর্তমানে পয়লা বৈশাখ, একুশে ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চ, ষোলোই ডিসেম্বর, নজরুল-রবীন্দ্রজয়ন্তীসহ প্রায় প্রতিটি জাতীয় অনুষ্ঠান উদ্যাপন করে ঢাকা ক্লাব। ভবিষ্যতে লালন ও বাউল উৎসব আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। ২০০৮ সাল থেকে সীমিত পর্যায়ে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের কাজও শুরু করেছে ক্লাবটি।ঢাকা ক্লাবের সভাপতি সাদাত হোসেন সেলিম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘ঢাকা ক্লাব একটি শতবর্ষী ও অভিজাতদের প্রতিষ্ঠান। আমরা শতবর্ষী অনেক প্রতিষ্ঠান দেখি, যাদের আর আগের কলেবর নেই। তবে কলেবর বেড়ে জাতীয় পর্যায়ে স্বমহিমায় টিকে আছে ঢাকা ক্লাব।’ তিনি বলেন, ‘সাধারণ মানুষকে এই ক্লাবের সদস্য করা সম্ভব নয়। তবে এটি যেন জনবিচ্ছিন্ন প্রতিষ্ঠান হয়ে না থাকে, সে জন্য আমরা সমাজের সঙ্গে আরও সম্পৃক্ত হতে চাই।’৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন: রমজান মাসের কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এগিয়ে আনা হয়েছে। ১ আগস্ট থেকে শুরু হয়েছে ক্লাবের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর নয় দিনব্যাপী নানা আয়োজন। এসব আয়োজনের মধ্যে রয়েছে আজীবন সম্মাননা প্রদান, বিলিয়ার্ড, স্কোয়াশ, টেনিস, গলফসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, দেশি-বিদেশি শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।গত দুই বছরের মতো এবারও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ক্লাবের একজন সদস্যকে এই সম্মাননা দেওয়া হয়। এবার সম্মাননা পাচ্ছেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উপ-অধিনায়ক ও বর্তমান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। আজ বুধবার রাতে ঢাকা ক্লাব মিলনায়তনে এই গুণীজন সম্মাননা অনুষ্ঠান হবে। একই অনুষ্ঠানে ক্লাবের ২৪ জন সদস্যকে ‘লিভিং লিজেন্ড অব দ্য ক্লাব’ সম্মাননা দেওয়া হবে। সদস্যপদে জ্যেষ্ঠতা, বয়স ও সমাজে অবদান বিবেচনা করে এ সম্মাননা দেওয়া হয়।ঢাকা ক্লাবের সচিব মুজাহিদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী আমরা সব সময়ই একটু জাঁকজমকভাবে করার চেষ্টা করি। ঐতিহ্যবাহী এই ক্লাবের সদস্যরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখেন, এমন ব্যক্তিদেরও আমরা এই অনুষ্ঠানে সম্পৃক্ত রাখার চেষ্টা করি। এবারও ক্লাবের পক্ষ থেকে একজনকে আজীবন সম্মাননা ও ২৪ জনকে ‘লিভিং লিজেন্ড অব দ্য ক্লাব’ সম্মাননা দেওয়া হবে।’