শতবর্ষে হাজারো প্রাণের উচ্ছ্বাস বাগেরহাট গার্লস স্কুলে

বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে তিন দিনের বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়েছে। ‘এসো মিলি ছন্দে আনন্দে প্রাণের মেলায়’ স্লোগানে প্রাক্তন ছাত্রী ফোরামের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হন আজ শনিবার সকালে। নিবন্ধিত হয়ে উপহারসামগ্রী গ্রহণের মধ্যে দিয়ে তিন দিনের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর তাঁরা নিজেরা নিজেদের মধ্যে আবিরের রঙে রাঙিয়ে নিয়ে মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। যোগ দেন মধুর আড্ডায়। এই বিদ্যালয়ে পড়ালেখা করার সময় যাঁরা একসঙ্গে ছিলেন, তাঁরা তাঁদের খুঁজে বের করে সেসময়কার স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন।
আজ সকালে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগেরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় নানা বাদ্যযন্ত্র নিয়ে নানা সাজে প্রায় চার হাজার বর্তমান, নবীন ও প্রবীণ শিক্ষার্থী অংশ নেন।
এর আগে বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, আয়োজক বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ফোরামের আহ্বায়ক পারভীন আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক ও সরকারি কর্মকর্তারা।
১৯৪৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৭৪ ব্যাচের প্রাক্তন ও বর্তমানে অধ্যয়নরত কয়েক হাজার শিক্ষার্থী এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
প্রাক্তন শিক্ষার্থী ও বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যাপক বিষ্ণুপ্রিয়া সাহা অনুষ্ঠানে যোগ দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘নবীন-প্রবীণ যাঁরা আছেন, তাঁরা সবাই আজ একসঙ্গে মিলিত হয়েছি। তাই আমাদের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, যা ভাষায় বর্ণনা করা কঠিন। আমরা আর এক শ বছর পাব না। তবে আগামী এক শ বছর যারা এখানে পড়বে, তাদের জানাই স্বাগত ও শুভেচ্ছা।’
আরেক সাবেক স্কুলশিক্ষক নারীনেত্রী শিল্পী সমাদ্দার বলেন, ‘১৯৮২ সালে এই স্কুলে পড়েছি। প্রায় ৩৬ বছর পর আবার এই স্কুলে আসতে পারব ভাবিনি। ৩৬ বছরের পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আনন্দে দিশেহারা আমরা।’
তিন দিনের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে কেককাটা, স্মৃতিচারণা, সম্মাননা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। ২৪ ডিসেম্বর অনুষ্ঠান শেষ হবে।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ফোরামের আহ্বায়ক পারভীন আহমেদ এই প্রতিবেদককে বলেন, ‘আমরা তিন মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তনদের সঙ্গে যোগাযোগ করে তিন দিনের অনুষ্ঠানমালা হাতে নিয়েছি। পুনর্মিলনী ও শতবর্ষ পূর্তির এই অনুষ্ঠানটির আয়োজন করতে আমাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে। তবে পুরোনো-নতুনদের একসঙ্গে কাছে পেয়ে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেছে।’