শতবর্ষেও দাবড়ে বেড়ান সাইকেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় তিনি ‘দাদাভাই’ বলে পরিচিত। তবে এই দাদার কীর্তি অন্য দশজন দাদাকে সহজেই হার মানায়। ১১১ বছর বয়সে তিনি দিব্যি সাইকেল দাবড়ে বেড়ান। বয়সকে কুপোকাত করা দাদাভাইয়ের সাইকেলটির কেরামতিও কম নয়। কেনার পর থেকে এটি টানা ৮৩ বছর ধরে সচল। তিনি যেখানে, সাইকেলও সেখানে। শতবর্ষ পেরিয়েও কায়িক সামর্থ্যে ভরপুর এ ব্যক্তিটি হলেন আবদুল লতিফ আকন্দ। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পদ্মপুর গ্রামে তাঁর বাড়ি। বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে নরপাড়া বটতলা বাজার। প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে সাইকেলে প্যাডেল মেরে ওই বাজারে যান তিনি। চায়ের দোকানে আড্ডা দেন। এমনকি ১৩-১৪ কিলোমিটার দূরে কোনো স্বজনের বাড়িতেও তিনি সাইকেল চালিয়ে যান। বয়সকে তাঁর হার মানানোর এই ক্ষমতা দেখে এলাকার তরুণেরা প্রাণশক্তিতে উজ্জীবিত হয়।পিংনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন বলেন, শতবর্ষ পার করা এই ব্যক্তি এলাকার সবার কাছে ‘দাদাভাই’ বলে পরিচিত। গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল লতিফের জন্ম ১৯০০ সালের ১২ এপ্রিল। তাঁর দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। স্ত্রী রাবেয়া বেগম ১৯৯৩ সালে মারা যান। বড় ছেলে মো. রইচ উদ্দিন (৬৭) অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। আরেক ছেলে মো. আবদুল বারী (৬২) ঢাকায় পূবালী ব্যাংকের রামপুরা শাখার কর্মকর্তা। মো. রইচ উদ্দিন জানান, তাঁর বাবা এখনো ৮৩ বছরের পুরোনো সাইকেলটি চালিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান। আবদুল লতিফের মরচেধরা সাইকেলে এখন বেল ও ব্রেক নেই। লক্কড়-মার্কা এমন সাইকেল চালানো সহজ কথা নয়। কিন্তু আবদুল লতিফ এ সাইকেল চালিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাঁর ভাষায়, ‘সাইকেলটি আমার যাতায়াতের প্রধান বাহন। এটি ধরলেই আমার শরীরের তাক্দ (শক্তি) বেড়ে যায়। একদিন সাইকেলটি না চালালে আমি অসুস্থ হয়ে পড়ি।’ আবদুল লতিফ বলেন, ‘আমার ছেলেরা বহুবার নতুন সাইকেল কিনে দিতে চেয়েছে। আমি রাজি হইনি। বলেছি, যত দিন বাঁচব, এই সাইকেলটিই চালাব।’ তিনি জানান, ১৯২৮ সালে ১৩ টাকা দিয়ে র্যালি কোম্পানির বাইসাইকেলটি কেনেন তিনি। তরুণ বয়সে পারিবারিক প্রয়োজনে সাইকেলটি চালিয়ে টাঙ্গাইল, ময়মনসিংহ, ফুলপুর, নান্দিনা, শেরপুর, জামালপুর, ঘাটাইল, সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়ায় গেছেন।পদ্মপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আকবর হোসেন (৭৫) জানান, তাঁর জন্মের আগে আবদুল লতিফ ওই সাইকেলটি কিনেছেন বলে তিনি বাবার কাছে শুনেছেন।