শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে হিরণ্ময় বন্ধুত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গতকাল বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘হিরণ্ময় অ্যালামনাই মেলবন্ধন’ উদ্বোধন করা হয় l প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গতকাল বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘হিরণ্ময় অ্যালামনাই মেলবন্ধন’ উদ্বোধন করা হয় l প্রথম আলো

দুজনের পরনে একই ধরনের কোট, মাথায় কাউবয় টুপি আর চোখে অদ্ভুত গোল রোদচশমা। সেলফি স্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পরিচিতজনদের সঙ্গে ছবি তুলছেন। যেন যমজ ভাই।
কিন্তু গল্পটা এমন নয়। একজনের বাড়ি পটুয়াখালী, অন্যজনের বরিশাল। দুজনই মুক্তিযোদ্ধা। পরিচয় ১৯৭৭ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমিনুল হোসেন সমাজবিজ্ঞানের আর এ কে এম আনিসুজ্জামান গণিত বিভাগের ছাত্র ছিলেন। থাকতেন তৎকালীন ইকবাল হলে (শহীদ সার্জেন্ট জহুরুল হক হল)। সেখান থেকেই ‘বন্ধুত্বের’ শুরু। দীর্ঘ ৪০ বছর পরও অটুট সে বন্ধন।
এমন হাজারো বন্ধুত্বের গল্প মিলিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল ‘হিরণ্ময় অ্যালামনাই মেলবন্ধন’-এর। গতকাল শনিবার দিনভর সেখানে আট হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল গোটা বিশ্ববিদ্যালয় এলাকা।
অ্যাসোসিয়েশনের সভাপতি রকীবউদ্দীন আহমেদের মতে, এই মেলবন্ধন তারুণ্যের। বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম অ্যালামনাই সদস্য মিজবাহ উল বার চৌধুরীকে তিনি পরিচয় করিয়ে দিলেন ৯৭ বছর বয়সী ‘তরুণ’ হিসেবে। মিজবাহ উল বার চৌধুরী বলেন, ‘আদর্শের যে বাণী নিয়ে পাঠশালা ছেড়েছিলাম, সেটি প্রস্ফুটিত হয়েছিল বিশ্ববিদ্যালয়ে এসে। তখন এখানে শিক্ষকেরা যেমন ছাত্রদের প্রতি সচেতন ছিলেন, শিক্ষকদের প্রতি ছাত্রদেরও ছিল অগাধ শ্রদ্ধা।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, জাতীয় পর্যায়ে যা কিছু অর্জিত হয়েছে, তার সবকিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, ‘সন্তান যখন সংকটের সময় মাকে স্মরণ করে, তেমনি জাতির সংকটে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মায়ের মতোই এগিয়ে আসে।’
সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, যা সব সময় টিকে থাকে, তা হচ্ছে পরিবর্তন। বিশ্বকে পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পেছনে ফিরে তাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সব সময় সত্য প্রতিষ্ঠার পথে এগিয়ে গেছে। এই সত্যের ঝান্ডা নিয়ে আরও এগিয়ে যেতে হবে।
সংগঠনের মহাসচিব দেওয়ান রাশিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবীণ ছাত্রী আফিয়া দিল ও সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা খালেক। পরে ‘একালের চেয়ে সেকালই ভালো’ শীর্ষক বিতর্ক হয়। পরে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণা, শীতকালীন আড্ডা ও রাতে সংগীতানুষ্ঠান হয়।