শতবর্ষের প্রাথমিক বিদ্যালয় চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ২৩ ডিসেম্বর বিদ্যালয়টি শতবর্ষ অতিক্রম করেছে অনাড়ম্বরভাবেই। এ উপলক্ষে জীর্ণদশার ভবনটিতে লেগেছে রঙের আস্তর। এখন বাইরে থেকে আর বিদ্যালয়টির দৈন্যদশা বোঝার উপায় নেই। কিন্তু শিক্ষকসংকট থেকে বেঞ্চসংকট, মেঝে দেবে, পলেস্তারা খসে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা শ্রেণিকক্ষ, পানি জমে থাকায় মাঠে বছরের লম্বা একটি সময় খেলতে না পারার মতো নানা সমস্যা মোকাবিলা করেই বিদ্যালয়টিতে চলছে পাঠদান। বলা হচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিল-অধ্যুষিত ১৬ নম্বর পিপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়টির দুটি পাকা ভবনে পাঁচটি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি অফিসকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্য চারটি কক্ষে চলে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান। বিদ্যালয়টিতে রয়েছে প্রায় ৩০০ ছাত্রছাত্রী। তাদের বসার বেঞ্চ রয়েছে নতুন-পুরোনো মিলে ৪৩ জোড়া। আটজন শিক্ষক দরকার হলেও রয়েছেন মাত্র পাঁচজন। তা ছাড়া একটি পুরোনো ভবনের মেঝে দেবে গিয়ে পলেস্তারা উঠে গেছে। ছাদ চুইয়ে পানি পড়ে। মাঠটি অপেক্ষাকৃত নিচু হওয়ায় বছরের বৃষ্টি-বাদলার সময়টিতে অন্তত পাঁচ মাস সেখানে পানি জমে থাকে।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান সরকার বলেন, শ্রেণিকক্ষ ও শিক্ষকসংকটের কারণে দুই শিফটে ক্লাস চালাতে হচ্ছে। শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে ক্লাস করে। বাড়তি ক্লাস নিতে গিয়ে শিক্ষকেরা ক্লান্ত হয়ে পড়েন। এ কারণে শতভাগ শিক্ষার্থী পাস করলেও যতটা ভালো ফল অর্জন করা যেত, তা হচ্ছে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, গত বছর (২০১৬) ৩৩ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনীতে অংশ নিয়ে শতভাগ পাস করলেও এ-প্লাস পেয়েছে মাত্র তিনজন। ফল ভালো না হওয়ার কারণ উল্লেখ করে প্রধান শিক্ষক আরও বলেন, ২০১৬ সাল পর্যন্ত বিদ্যালয়টিতে দু থেকে তিনজন শিক্ষক ছিলেন। তবে এ বছর থেকে পাঁচজন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের দুটি পাকা ভবনে লাগানো হয়েছে নজরকাড়া রং। পঞ্চম ও চতুর্থ শ্রেণির দুটি কক্ষের ভেতরে রং করায় ওই শ্রেণিকক্ষ দুটির দেয়াল ঠিকই চকচক করছে। কিন্তু মেঝের পলেস্তারা উঠে বেরিয়ে গেছে ইট-খোয়া। ছাদ চুইয়ে পানি পড়ায় বেশ কয়েক জায়গায় স্যাঁতসেঁতে হয়ে গেছে। শিক্ষার্থীরা গাদাগাদি করে ক্লাস করছে।
একটি বেঞ্চে দুজন বসার কথা থাকলেও বসে আছে তিন থেকে পাঁচজন। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ, কৌশিক ও খালেদ জানায়, বসার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা হয় প্রতিদিন সকালে। বসার জায়গা পেতে ক্লাস শুরুর কত আগে কে আসতে পারে, তা নিয়ে চলে প্রতিযোগিতা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, নতুন বছরে বিদ্যালয়টিতে দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।
শতবর্ষ উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় প্রকাশিত তথ্যে জানা গেছে, ১৯১৩ সালে এলাকার আদালত পণ্ডিত, কোরবার আলী পণ্ডিত, আবেদ আলী পণ্ডিত, জফের আলী পণ্ডিত, মোজদার পণ্ডিত নামে পাঁচ ব্যক্তি গ্রামের একটি বাড়িতে ছয়জন ছাত্র নিয়ে পাঠশালা প্রতিষ্ঠা করেন। তিন বছর চলার পর এলাকাবাসীর দান করা ৪০ শতক জায়গার ওপর গড়ে ওঠে পিপলা প্রাথমিক বিদ্যালয়।