ঢাকার বিভিন্ন বাজার থেকে ফল সংগ্রহ ও পরীক্ষা করে সেগুলোতে বিষাক্ত ফরমালিনের উপস্থিতি পেয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। সংগ্রহ করা নমুনার মধ্যে ৯৫ ভাগ লিচু এবং ১০০ ভাগ জামে বিষাক্ত ফরমালিনের উপস্থিতি পেয়েছে পরিবেশবাদী এই সংগঠনটি। এ ছাড়া অন্যান্য ফলেও ফরমালিন পাওয়া গেছে।
গতকাল বুধবার রাজধানীর কলাবাগানে পবার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ঢাকার বাজারে মৌসুমি ফলে বিষাক্ত ফরমালিন ব্যবহারের বর্তমান পরিস্থিতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান জানান, ১ থেকে ১০ জুন পর্যন্ত ঢাকার বিমানবন্দর থেকে যাত্রাবাড়ী, সদরঘাট, বাদামতলী, মোহাম্মদপুর, রায়েরবাজারসহ ৩৫টি এলাকা থেকে ফলগুলো কেনা হয়। আম, জাম, লিচু, আপেল ও মালটা সংগ্রহ করে তা পরীক্ষা করেছে সংগঠনটি। পবার কার্যালয়ে জেড-৩০০ ফরমালিডিহাইড মিটারে এই পরীক্ষা করা হয়েছে।
আবদুস সোবহান বলেন, রায়েরবাজারের ছোট ফলের দোকানসহ ধানমন্ডির অভিজাত চেইন শপ, সব জায়গার ফলে ফরমালিন পাওয়া গেছে। গুলশানের দোকানগুলোতে অপেক্ষাকৃত কম ফরমালিন পাওয়া গেছে। আর সবচেয়ে বেশি পাওয়া গেছে সদরঘাট, বাদামতলী এলাকার ফলের দোকানে।
পরীক্ষায় ১৪টি নমুনা জামের সব কটিতেই ফরমালিন পাওয়া গেছে (মাত্রা ০.১৩ থেকে ৬৮.৬৮ পিপিএম)। সংগৃহীত লিচুর ৯৫ ভাগে ফরমালিনের উপস্থিতি রয়েছে (মাত্রা ০.৭৬ থেকে ২২.১২ পিপিএম)। এ ছাড়া ৬৬ শতাংশ আম, ৫৯ শতাংশ আপেল, ৬৯ শতাংশ মালটা ও ৮৭ শতাংশ আঙুরে ফরমালিন মিলেছে।
খাদ্যে ফরমালিন মেলানোর সঙ্গে জড়িত ব্যক্তি ও বিক্রেতাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া যথেষ্ট নয় বলে মনে করে পবা। এ ক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক) ধারা ব্যবহার করার দাবি জানিয়েছেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। ওই ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে।