দিনাজপুর শিক্ষা বোর্ডে শতভাগ পাস আছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে এবার প্রায় দ্বিগুণ হয়েছে। বোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৬০ ভাগ। মোট জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ১৮৬ জন।ফলাফল প্রকাশ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীসহ দিনাজপুরবাসীর সঙ্গে সরাসরি কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন।জেলার চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে। স্কুলের ৭৯ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, এ বোর্ডের অধীনে এবার আট জেলার দুই হাজার ৪৫৬টি স্কুলের এক লাখ এক হাজার ৯৪৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯১ হাজার ৮৬০ জন পাস করেছে। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে পাঁচ হাজার ৮৯ জন ছাত্র এবং তিন হাজার ৯৭ জন ছাত্রী। ছেলেদের পাসের হার ৯০ দশমিক ৫৮ এবং মেয়েদের পাশের হার ৯০ দশমিক ৬২।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, দিনাজপুর বোর্ডের এবার বড় সাফল্য হলো, শতভাগ পাস আছে এমন স্কুলের সংখ্যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১২ সালে এ বোর্ডে ২৩১টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। এবার শতভাগ পাস করেছে ৪৫৪টি স্কুলের শিক্ষার্থীরা। নিবিড় পর্যবেক্ষণ, প্রতিটি উপজেলা এবং জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে মতবিনিময় সভা ও কর্মশালা করা হয়েছে। এগুলোই দিনাজপুর শিক্ষা বোর্ডের ভালো ফলের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।