প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাস করে এবার সারা দেশে প্রথম স্থান লাভ করেছে লালমনিরহাট জেলা। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলে দেখা যায়, পাঁচটি উপজেলা থেকে অংশ নেওয়া ২৪ হাজার ১৭ শিক্ষার্থীর সবাই পাস করেছে। এদের মধ্যে তিন হাজার ১২০ জন জিপিএ-৫ এবং আট হাজার ১৫৫ জন জিপিএ-৪ পেয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুন নেছা বলেন, চূড়ান্ত পরীক্ষার আগে শিক্ষার্থীদের পাঁচটি মডেল টেস্ট নেওয়া হয়েছে। বিভিন্ন ছুটির সময় বিশেষ পাঠদানের ব্যবস্থাসহ অনেক স্কুলে দুর্বল শিক্ষার্থীর জন্য নৈশকালীন ক্লাস নেওয়া হয়েছে। এসব কারণে ফল ভালো হয়েছে। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, লালমনিরহাট জেলা আশির দশকে নিরক্ষরমুক্ত প্রথম জেলা হওয়ার গৌরব অর্জন করে। এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হারে প্রথম হলো। ভালো ফল করায় লালমনিরহাট-৩ আসনের সাংসদ, বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এবং লালমনিরহাট-১ আসনের সাংসদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানিয়েছেন।