চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গত শনিবার অনুষ্ঠিত উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রদত্ত ভোটের প্রায় শতভাগ পেয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৯৮৪। এর মধ্যে ভোট পড়ে ৩ হাজার ১৩২টি। সেখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী শহীদ উল্যাহ প্রধান পেয়েছেন ৩ হাজার ১২৩ ভোট। বিএনপির প্রার্থী শামীম হোসেন মিয়াজী ৭ ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী কাইয়ুম খান পান মাত্র ২ ভোট। অর্থাৎ বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিলে ১ শতাংশেরও কম ভোট পান।
ডিঙ্গাভাঙ্গা এলাকার ১০-১২ জন বাসিন্দা বলেন, ওই ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় বিএনপির অনেক ভোটার ছিলেন। কিন্তু তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। জালিয়াতি করে নৌকা মার্কায় সব ভোট দিয়ে দেন আওয়ামী লীগের কর্মীরা।
বিএনপির চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন অভিযোগ করেন, ওই ভোটকেন্দ্রে নৌকার পক্ষে ব্যাপক ভোট জালিয়াতি ও কারচুপি করা হয়। কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের সকাল ১০টার পর বের করে দেওয়া হয়।
নির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী শহীদ উল্যাহ প্রধান বলেন, ওই কেন্দ্রে অনিয়ম হয়নি। ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ ভিত্তিহীন।