শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা শহীদ ও বাংলা ভাষার প্রতি মমত্ববোধ অক্ষুণ্ন রাখতে পাবনার ফরিদপুর উপজেলার শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফায়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেখা রানী বালো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সরকার ও পৌর মেয়র খ ম কামরুজ্জাম। আলোচনাপর্ব শেষে অতিথিরা উপজেলা চত্বরে একটি স্মৃতিফলকের মোড়ক উন্মোচন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকার কথা। কিন্তু ফরিদপুর উপজেলার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৮৪টি প্রাথমিক বিদ্যালয়, ১২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি মাদ্রাসা ও আটটি কলেজ। মাত্র চারটিতে শহীদ মিনার ছিল। দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসক রেখা রানী বালো প্রতিটি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নিতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন। এই পরিপ্রেক্ষিতে ফরিদপুর উপজেলা প্রশাসন ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে স্থানীয় উদ্যোগে শহীদ মিনার নির্মাণের জন্য চিঠি পাঠায়। এতে সাড়া দিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব খরচে শহীদ মিনার নির্মাণ করে।
পাঁচ-ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে কথা বলে জানা গেছে, শহীদ মিনার নির্মাণের জন্য তহবিল সংগ্রহে তাঁদের তেমন বেগ পেতে হয়নি। স্থানীয় লোকজন আর্থিক সহযোগিতা দিয়েছেন। শহীদ মিনার নির্মাণে ২৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ সংগ্রহ করে, এর ওপর ভিত্তি করে শহীদ মিনারের নকশা করা হয়।
ইউএনও তোফায়েল আহম্মেদ বলেন, বনওয়ারী নগর সিবি পাইলট উচ্চবিদ্যালয়ে সর্বশেষ শহীদ মিনারটি নির্মাণের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরাও খুশি।
জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা ও বাংলাদেশ পেয়েছি। এই ভাষা ও দেশের প্রতি মমত্ববোধ অক্ষুণ্ন রাখতে আমরা উদ্যোগটি গ্রহণ করেছিলাম। দেশে এই প্রথম কোনো উপজেলার শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার হলো। অন্য উপজেলাগুলোতেও এ কার্যক্রম চলছে। আশা করছি, খুব শিগগির এই জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার হবে।’