চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) একটি বিষয়ের চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রথম বর্ষের ‘ডিফারেন্সিয়াল ইকোয়েশন অ্যান্ড ভেক্টর জিওমেট্রি’ পরীক্ষায় এ ঘটনা ঘটে।
গত মঙ্গলবার সংশ্লিষ্ট বিভাগের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। এদিকে এ বিষয়ে ফলাফল বিপর্যয়ের কারণে চলতি সেমিস্টারে সার্বিক ফলাফলে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।
ঘটনার সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক মো. গোলাম হাফিজ জানান, এ বিষয়ের ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে শুধু একজন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। বাকি শিক্ষার্থীরা কেউ অংশগ্রহণ না করায় ফলাফল বিপর্যয় হয়েছে। তবে অংশগ্রহণকারী ওই শিক্ষার্থীও পাস করতে পারেননি।
বিশ্ববিদ্যালয় ও পুরকৌশল বিভাগ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজা উদ্যাপন অনুষ্ঠানের কারণে শিক্ষার্থীরা ৬ ফেব্রুয়ারির পূর্বনির্ধারিত বিষয়ের পরীক্ষার সময়সূচি পরির্বতনের ব্যাপারে বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলেন। বিভাগীয় প্রধান তাঁদের আবেদন নাকচ করে দেওয়ায় শিক্ষার্থীরা একযোগে ওই পরীক্ষা বর্জন করেন। তবে অসুস্থতাজনিত কারণে পূর্ব আবেদনের ভিত্তিতে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য চুয়েট মেডিকেল সেন্টারে উপস্থিত হন।
এ বিষয়ে পুরকৌশল বিভাগের প্রধান রবিউল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুসারে কোনো পরীক্ষায় অন্তত একজন শিক্ষার্থী অংশগ্রহণ করলে সেই পরীক্ষা বাতিল হওয়া বা আবার নেওয়ার সুযোগ নেই। ফলে অংশগ্রহণ না করা শিক্ষার্থীরা সবাই অকৃতকার্য বলে গণ্য হন।’
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘প্রশ্নপত্র বিতরণের পর পর ওই শিক্ষার্থী পরীক্ষা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তাই সেক্ষেত্রে আমাদের কিছু করার ছিল না।’