শতভাগ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের দাবি, বাস্তবতা ভিন্ন
কিশোরগঞ্জের একটি উপজেলা ও দুটি উপজেলার কয়েকটি ইউনিয়নে শতভাগ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহূত হয় বলে ঘোষণা দেয় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বাস্তবে এসব ইউনিয়নের বহু পরিবার এখনো খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করছে।স্থানীয় লোকজনের অভিযোগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ হোসেনপুর উপজেলা এবং নিকলী ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে শতভাগ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহূত হয় বলে ঘোষণা দিয়েছে। এটি সঠিক নয়। জেলার ১৩টি উপজেলার বহু পরিবার এখনো স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করে না।২০১১ সালের আদমশুমারি ও খানা জরিপ অনুযায়ী, জেলায় পাঁচ লাখ ৩৮ হাজার ৯০০ পরিবার রয়েছে। এর মধ্যে দুই লাখ ২৬ হাজার ১৪২টি পরিবার স্বাস্থ্যসম্মত এবং দুই লাখ ৫৬ হাজার ৬২০টি পরিবার অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বেসরকারি সংস্থা সূত্রে জানা গেছে, জেলার পাঁচ লাখ ৩৮ হাজার ৯৮৭টি পরিবারের মধ্যে দুই লাখ ৪১ হাজার ৫৫৯টি পরিবার স্বাস্থ্যসম্মত এবং দুই লাখ ৫৮ হাজার ৭১৬ পরিবার অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করে। বাকিরা উন্মুক্ত স্থানে প্রস্রাব ও মলমূত্র ত্যাগ করে।২০০৬ সালে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ঘোষণা করে, হোসেনপুর উপজেলার সব ইউনিয়ন (পুমদি, জিনারী, আড়াইবাড়িয়া, শাহেদল, গোবিন্দপুর ও সিঁদলা), সদর উপজেলার মহিনন্দ, লতিবাবাদ ও রশিদাবাদ এবং নিকলী উপজেলার ছাতিরচর, গোরোই ও দামপাড়া ইউনিয়নে শতভাগ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করা হয়। এই সাফল্যের জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদকে তারা পুরস্কৃত করে।সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই সব ইউনিয়নে এখনো বহু পরিবার উন্মুক্ত স্থানে প্রস্রাব ও মল ত্যাগ করছে।২০০৭ সালে মহিনন্দ ইউনিয়নকে শতভাগ স্যানিটেশনমুক্ত ঘোষণা করা হয়। কিন্তু সেখানে সিংহভাগ মানুষ আজও খোলা আকাশের নিচে মল ত্যাগ করছে। এতে বিভিন্ন রোগব্যাধি ছড়াচ্ছে। বিশেষত শিশুরা বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। ইউনিয়নের কাশোরার চরের বাসিন্দা ওমর ফারুক, নূরুল ইসলাম, আলী হোসেন ও সুরুজ মিয়া জানান, একাধিকবার ইউনিয়ন পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানিয়েও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণসামগ্রী তাঁরা পাননি। তাঁরা বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ যে দাবি করছে, তা সঠিক নয়।মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়ার বাসিন্দা রজব আলী, আ. মালেক ও সুরুজ মিয়া জানান, তাঁরা গরিব। তাই তাঁদের শৌচাগার নেই। তাঁরা বাঁশঝাড়, জঙ্গলে মল ত্যাগ করেন।হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের নামাপাড়ার সরকারি স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণসামগ্রী না পাওয়া আবুল মনসুর, বাদল মিয়া, জলিল মিয়া, আবু তাহের, আকলিমা, হক মিয়া, সিদ্দিক মিয়া ও তাহের মিয়া বলেন, তাঁদের উপজেলায় শতভাগ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহূত হয় বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু তা সত্য নয়। এ ব্যাপারে মহিনন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হুদা জানান, যারা এখনো স্বাস্থ্যসম্মত শৌচাগার পায়নি, তাদের স্বাস্থ্যসম্মত শৌচাগার দেওয়ার কাজ পরিষদ করে যাচ্ছে। ইতিমধ্যে ১৪১টি পরিবারকে বিনা মূল্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণসামগ্রী সরবরাহ করা হয়েছে।কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তোজাম্মেল হক জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা পর্যায়ের প্রতিবেদনের ভিওিতে হোসেনপুর উপজেলাসহ জেলার কয়েকটি ইউনিয়নে শতভাগ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহূত হয় বলে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু ওই ঘোষণা ঠিক ছিল না। শতভাগ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে তাঁরা কাজ করে যাচ্ছেন।সচেতন নাগরিক কমিটির সহসভাপতি দীপিকা দাস জানান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বিভিন্ন সভা ও সেমিনারে তথ্য উপস্থাপন করে বলছে, জেলার প্রায় ৯০ শতাংশ লোক স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করছে। কিন্তু তাদের তথ্যও সঠিক নয়।