শতর্ সাপেক্ষে জামিন পেলেন কায়সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারকে শারীরিক অবস্থা বিবেচনা করে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এক লাখ টাকা জিম্মায় একজন আইনজীবীর মাধ্যমে কায়সারের জামিনের আবেদন মঞ্জুর করেন। কায়সার এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জামিনের আদেশে দেওয়া শর্ত অনুযায়ী, যদি কায়সারের পাসপোর্ট থাকে তাহলে তা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। তিনি ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া বনানীর বাসার বাইরে যেতে পারবেন না। তিনি হবিগঞ্জসহ দেশের কোথাও ভ্রমণ করতে পারবেন না। জামিনে থাকার সময়ে তিনি কোনো রাজনৈতিক দল বা নেতার সঙ্গে সাক্ষাৎ এবং গণমাধ্যমের সামনে কথা বলতে পারবেন না। আদেশে ট্রাইব্যুনাল তাঁর ব্যক্তিগত ফোন নম্বর রেজিস্ট্রারের কাছে দিতে এবং তাঁর বাসায় এ মামলার তদন্তকারী কর্মকর্তা গেলে তাঁকে সহযোগিতা করতে বলেছেন।ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, কায়সারের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাঁকে জামিন দেওয়া হলো। তবে শর্ত ভঙ্গ করলে জামিন বাতিল হয়ে যাবে।গত ১৫ মে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কায়সারকে গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে আটক রাখার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, একসময়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কায়সার এরশাদের আমলে জাতীয় পার্টিতে যোগ দেন। তিনি হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হন। ১৯৮৬ ও ১৯৮৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হন। এ সময় প্রথমে তিনি হুইপ এবং পরে ’৮৯ সালে কৃষি প্রতিমন্ত্রী হন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।