শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ায় রেলওয়ের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার বগুড়া শহরের চেলোপাড়া থেকে কামারগাড়ি রেলগেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।
তবে একই স্থানে কয়েক শ অবৈধ স্থাপনা রেললাইনের দুই পাশে ১৫ ফুটের কাছাকাছি ‘বিপজ্জনক’ সীমানায় রয়ে গেছে। সেগুলো উচ্ছেদ করা হয়নি। এ কারণে এই অভিযানকে অনেকে ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেছেন। অভিযোগ পাওয়া গেছে, এসব স্থাপনা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় রয়েছে। এ কারণে উচ্ছেদ করা হয়নি।
রেলবিধি অনুযায়ী রেললাইনের দুই পাশে বিপজ্জনক ঘোষিত ১৫ ফুটের মধ্যে কোনো ধরনের স্থাপনা থাকা ঝুঁকিপূর্ণ। অথচ বগুড়া শহরে রেললাইন থেকে ১৫ ফুটের মধ্যে কয়েক শ স্থায়ী দোকান রয়েছে।
বগুড়া শহরের পুরান বগুড়া রেলগেট থেকে চেলোপাড়া পর্যন্ত অবৈধ স্থাপনার সংখ্যা প্রায় এক হাজার। এর মধ্যে রেলের ভূসম্পত্তি বিভাগের লালমনিরহাটের কর্মকর্তাদের যোগসাজশে প্রভাবশালী মহল রেলওয়ে থেকে ইজারা নেওয়ার কাগজ তৈরি করে নিয়ে বিপৎসীমানার মধ্যেই স্থায়ী মার্কেট, দোকানপাট নির্মাণ করেছেন। এ ছাড়া রেলস্টেশনের সামনে রেলপথের ওপরই সারা বছর বাজার বসানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। তবে এর আগে কিছু স্থাপনা সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া হঠাৎ উধাও হয় রেললাইনের ওপর বসা প্রতিদিনের বাজার ‘হঠাৎ মার্কেট’। অভিযান চলাকালে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খায়রুল আনাম, রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী, বিভাগীয় প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। রেলওয়ে পুলিশের সহযোগিতায় স্থাপনা গুঁড়িয়ে দেন রেলওয়ে নিরাপত্তাকর্মীরা। সবচেয়ে বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে রেলস্টেশনের অদূরে সেউজগাড়ি পালপাড়া এলাকায়।
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রেললাইনের দুই পাশে যেসব স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়নি, সেই জায়গা রেলওয়ের কাছ থেকে ইজারা নেওয়া। তাই রেললাইনের দুই পাশে বিপজ্জনক স্থানে থাকলেও তা উচ্ছেদ করা যায়নি।