শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীতীরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার বেলা দুইটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করেন।

ঢাকা নদীবন্দর সূত্রে জানা যায়, দুপুরে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী শ্যামবাজার ঘাট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। উচ্ছেদ অভিযানে সদরঘাট টার্মিনাল ও শ্যামবাজার এলাকা থেকে উল্টিনগঞ্জ এলাকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বুড়িগঙ্গা তীরে গড়ে ওঠা কাঁচামালের ছোট-বড় টঙ দোকান, আধাপাকা ও ছাপরাঘরসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর পরিচালক শফিকুল হক। তিনি প্রথম আলোকে বলেন, বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কোনো অবস্থাতেই কাউকে নদীর তীর দখল ও দূষণ করতে দেওয়া যাবে না। নদী দখল ও দূষণকারী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে অংশ নেন ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক কে এম আরিফ উদ্দিন, উপপরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক নূর হোসেন, আসাদুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা।