চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগে সেবক পদে কর্মরত ছিলেন গোপি। অবসর নেওয়ার পর তাঁর ৮০ মাসের আনুতোষিক বিল পরিশোধের নথি মঞ্জুর হয় গত বছরের ২৭ আগস্ট। বছর পার হলেও এখনো পর্যন্ত পুরো প্রাপ্য বুঝে পাননি তিনি।
গোপির মতো অবস্থা অবসর নেওয়া আরও ১০৭ কর্মকর্তা-কর্মচারীর। তাঁদের আনুতোষিক বিল বাবদ সাড়ে ছয় কোটি টাকা আটকে আছে। এর মধ্যে কারও পাওনা চার লাখ টাকা। আবার কারও ১৫ লাখ টাকা। এ অর্থ আটকে আছে প্রায় দুই বছর। এ টাকা পাওয়ার জন্য করপোরেশনের বিভিন্ন দপ্তরে প্রতিদিন ধরনা দিচ্ছেন তাঁরা। সিটি করপোরেশনের তহবিল সংকটের কারণে তাঁদের এ বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘আনুতোষিক বিলের নথি যথাসময়ে মঞ্জুর হয়। কিন্তু তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তাঁদের টাকা দিতে দেরি হচ্ছে।’
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনের নিজস্ব তহবিল থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ৮০ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হয়। দুই দফায় এ অর্থ পরিশোধ করা হয়। প্রথমে ৫০ মাস ও পরে ৩০ মাসের অর্থ দেওয়া হয়। ভুক্তভোগী একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, ‘অবসরের পর আনুতোষিক বিল ও ভবিষ্য তহবিলের অর্থই আমাদের শেষ সম্বল। সংসারের যাবতীয় ব্যয় নির্বাহের জন্য এই অর্থের ওপর নির্ভর করতে হয়। কিন্তু এই পাওনা পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে।’
সিটি করপোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে দুই মাস ধরে আমাদের রাজস্ব সংগ্রহ কম হচ্ছে। এ জন্য আনুতোষিক বিল যথাসময়ে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তবে পর্যায়ক্রমে পরিশোধ করার চেষ্টা করছি।’
চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী আবু তৈয়ব বলেন, ‘অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক বিল দ্রুত পরিশোধের জন্য আমরা মেয়র মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি।’