শতাধিক গাছ কেটে নিলেন ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের টানচার গ্রামের একটি রাস্তা সংস্কারের নামে রাস্তার ধারের শতাধিক মূল্যবান গাছ কেটে নিয়েছেন একজন ইউপি সদস্য ও তাঁর লোকজন। রাস্তাটির পাশ থেকে কয়েক লাখ টাকা দামের আরও সহস্রাধিক গাছ কাটার প্রক্রিয়া চলছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের যোগসাজশে এসব গাছ কেটে নেওয়া হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসী গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন। এলাকাবাসী জানান, বর্ষকালে খালের তীব্র ঢেউয়ের ভাঙন থেকে সড়কটি রক্ষায় গ্রামের লোকজন প্রায় এক যুগ আগে সড়কের পাশে কড়ই, আমসহ বিভিন্ন প্রজাতির সহস্রাধিক গাছ লাগান। গ্রামের বাসিন্দা আবুল কাশেম, জাহাঙ্গীর আলমসহ অনেকেই অভিযোগ করেন, তাঁদের না জানিয়ে চেয়ারম্যানের যোগসাজশে মঙ্গলবার থেকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুক্তাদির রহমান লোকজন দিয়ে কেটে নিচ্ছেন। তিন দিনে শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। বাকি গাছগুলো আগামী কয়েক দিনের মধ্যে কেটে নেওয়ার প্রস্তুতি চলছে। মুক্তাদির রহমান বলেন, ‘রাস্তা মেরামত ও প্র্রশস্ত করার জন্য খালপারের অধিকাংশ মানুষের লিখিত সম্মতি নিয়েই গাছ কাটা হচ্ছে।’ইউপি চেয়ারম্যান ফারুক আহাম্মদ সরকার বলেন, ‘গ্রামবাসীর সম্মতি নিয়ে রাস্তাটি সংস্কারের জন্য গাছগুলো কাটার অনুমতির জন্য ২৮ জানুয়ারি ইউএনওর কাছে আমি একটি দরখাস্ত দিয়েছি। তবে ইউএনও এখনো অনুমতি দেননি। এর আগেই কীভাবে গাছ কাটা শুরু হলো, আমি এর কিছুই জানি না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া আর একটি গাছও কাটা হবে না।’