ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন আদায়ের জন্য গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শতাধিক গাড়ির বহর নিয়ে চট্টগ্রাম নগরের সার্সন রোডে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বাসায় যান কর্ণফুলী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।
এসব গাড়ি সার্সন রোড এবং পাশের কাজীর দেউড়ি-জামালখান সড়কে রাখার কারণে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পটিয়ার শিকলবাহা থেকে বাস, মিনিট্রাক, চাঁদের গাড়ি, টেম্পো ও অটোরিকশায় চড়ে শত শত মানুষ গতকাল সকালে প্রতিমন্ত্রীর বাসার সামনে জড়ো হন। এ নিয়ে আশপাশের লোকজনের মধ্যে কৌতূহলেরও সৃষ্টি হয়।
জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর আলম কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতা। তিনি এবার কর্ণফুলীর একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। তাই সমর্থন আদায়ের জন্য দেখা করতে আসেন। তিনি বলেন, চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে হলে নিজ ইউনিয়ন ও থানা থেকে সমর্থন নিতে হবে। এরপর থানা ও জেলা কমিটি সিদ্ধান্ত দেবে। নিয়মের বাইরে কারও কিছু করার সুযোগ নেই।