
গত তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকছড়ি এবং ফেনীর দুই উপজেলার শতাধিক গ্রাম। বৃষ্টির পাশাপাশি ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এসব এলাকার নদী ও খালের পানি বেড়েছে। বেড়িবাঁধ ভেঙে বন্যায় প্লাবিত হয়েছে গ্রামজনপদ ও ফসলের খেত। ঢলের পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। প্রতিবেদন পাঠিয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা।
বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর দুই উপজেলার অন্তত ১৫টি গ্রাম তলিয়ে গেছে। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি। এই তিন নদীর বেড়িবাঁধের নয়টি স্থানে ভেঙে ঢলের পানি ঢুকে পড়েছে জনপদ ও ফসলের খেতে। তলিয়ে গেছে ধানখেত, বীজতলা ও পুকুর। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৪০ হাজার মানুষ। পানিতে তলিয়ে যাওয়ায় ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কোহিনুর আলম বলেন, গতকাল শুক্রবার বিকেলে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেড়েছে সিলোনীয়া ও কহুয়া নদীর পানি। এতে এসব নদীর বেড়িবাঁধের নয়টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।
ঢলের পানির তোড়ে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর পাঁচটি স্থানে এবং পরশুরামের সিলোনীয়া ও কহুয়া নদীর চারটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।
মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে জানান ফুলগাজী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
গত বৃহস্পতিবার বিকেলে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সুবার বাজারের উত্তর পাশে সিলোনীয়া নদীর বেড়িবাঁধের একটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এতে ছয়টি গ্রাম প্লাবিত হয় বলে জানান পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। বন্যার পানিতে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী বাজারের উত্তর পাশে পানি ওঠায় সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে বেড়িবাঁধে ভাঙনের খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কোহিনুর আলম বলেন, বৃষ্টি বন্ধ হলে ভাঙা বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু হবে।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৫টি ইউনিয়ন এবং দুটি পৌরসভার ৫০টি গ্রাম। ঢলের পানিতে হালদা নদীর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের নয়টি অংশ দিয়ে গত বৃহস্পতিবার বিকেল থেকেই পানি ঢুকতে শুরু করে। এ ছাড়া তলিয়ে যায় উপজেলার তিনটি প্রধান সড়কসহ প্রায় সব গ্রামীণ জনপদ। ভেসে গেছে মাছের খামার ও আমন খেত।
গত মঙ্গলবার থেকে একটানা বৃষ্টির ফলে ফটিকছড়ি উপজেলার ধুরুং, লেলাং, তেলপারই ও সর্তা খাল এবং হালদা নদীর পানি বেড়েছে। এসব খাল ও নদীর পানি বেড়িবাঁধ উপচে পড়ছে। এ ছাড়া হালদা নদীর বেড়িবাঁধের নয়টি ভাঙা অংশ দিয়ে ঢুকছে বন্যার পানি। এতে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পানি বাড়ায় গত বৃহস্পতিবার বিকেল থেকে নাজিরহাট-কাজিরহাট, গহিরা-হেঁয়াকো, ছাড়ালিয়াহাট-লেলাং সড়কসহ শতাধিক অভ্যন্তরীণ সড়ক পানিতে ডুবে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে গতকাল শুক্রবার সকাল থেকে বৃষ্টি বন্ধ হওয়ায় পানি কমতে শুরু করেছে।
রোসাংগিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শোয়েব আল ছালেহীন বলেন, ঢলের পানিতে ইউনিয়নের অন্তত ৫০০ একর রোপা আমনের ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ৫০ হাজার মানুষ। উপজেলার দুটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদী ও খালের পুরোনো ভাঙন দিয়ে পানি ঢুকে অর্ধশতাধিক গ্রামের কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এসব ক্ষতিগ্রস্ত সম্পদের তালিকা জনপ্রতিনিধিদের কাছে চেয়েছি।’
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, গতকাল শুক্রবার বৃষ্টি বন্ধ হওয়ায় পানি কমতে শুরু করেছে। জনপ্রতিনিধিদের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিবরণ সংগ্রহ করে জেলা প্রশাসনে পাঠানো হবে।
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল শুক্রবারও সীতাকুণ্ডের নিম্নাঞ্চল ডুবে ছিল। উপজেলার পাঁচ ইউনিয়নের সঙ্গে গতকাল নতুন করে আরও তিনটি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে। স্থানীয় আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গত বুধবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় সীতাকুণ্ডে ৫১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা ভারী বৃষ্টিতে আট ইউনিয়নের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট লবণাক্ষ পাহাড় এলাকায় পানির স্রোতে ডুবে স্বপন দে (৪০) নামের এক পানচাষি মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব রহমতনগর গ্রামে বলে জানান বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন।
ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, উপজেলার সৈয়দপুর, মুরাদপুর, সীতাকুণ্ড সদর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি ও ভাটিয়ারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৩৫টি গ্রামের মানুষ।
গতকাল সকালে কুমিরা ইউনিয়নের মগপুকুর, মাঝামাঝি পাড়া ঘুরে দেখা যায়, বিভিন্ন বাড়ির আঙিনা ও সড়ক ডুবে গেছে। সীতাকুণ্ড আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারী আলম খন্দকার বলেন, গত ৯ বছরে সীতাকুণ্ডে এত বেশি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
পশ্চিম মুরাদপুর এলাকার বাসিন্দা সদরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁর বাড়ি ডুবে যায়।
মুরাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন নিজামী বলেন, তাঁর ইউনিয়নের ৯০ শতাংশ পুকুর ডুবে মাছ ভেসে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছ থেকে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া গেলে ত্রাণের ব্যবস্থা করা হবে।