শতাধিক গ্রামে বিদ্যুৎ নেই চার দিন
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার কয়েকটি এলাকাসহ উপজেলার শতাধিক গ্রামে চার দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। গত শনিবার ঝড়ের আগে রাতে এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পর তা আর চালু হয়নি।
এদিকে পৌর শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত তা আসা-যাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। এ কারণে অনেক গ্রাহক বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার অভিযোগ করেছেন।
স্থানীয় পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা যায়, ঝড়ে গাছের ডাল ভেঙে ও গাছ উপড়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর পড়লে তার ছিঁড়ে যায়। এ ছাড়া ৩৩ কেভি লাইনের একটি টাওয়ার ও কিছু কিছু স্থানে কংক্রিটের চার-পাঁচটি খুঁটি ভেঙে পড়ে। এতে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গত শনিবারের ঝড়ের পর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত পৌরসভার কাটলি পাড়া, রসুলপুরসহ পৌর এলাকার বাইরে চণ্ডীপাশা, গাংগাইল, মুশুলি, রাজাগাতিসহ ১১টি ইউনিয়নের শতাধিক গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল আঞ্চলিক কার্যালয়ে উপমহাব্যবস্থাপক (ডিজিএম) অভিলাষ চন্দ্র পাল বলেন, সামান্য মেরামতে যে লাইনগুলো চালু করা সম্ভব হচ্ছে, সেগুলো আগে চালু করা হচ্ছে। যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে মেরামত করা হচ্ছে।